হলদিয়া-কলকাতা নতুন সরকারি বাস! কত ভাড়া, রইল সময়সূচি – এবেলা

হলদিয়া-কলকাতা নতুন সরকারি বাস! কত ভাড়া, রইল সময়সূচি – এবেলা

এবেলা ডেস্কঃ

পূর্ব মেদিনীপুরের শিল্প শহর হলদিয়া থেকে কলকাতার যাত্রীদের জন্য বড় সুখবর। এবার রাজ্য সড়ক দিয়ে সোজা কলকাতা যাওয়ার জন্য চালু হতে চলেছে একটি নতুন সরকারি বাস পরিষেবা। এতদিন জাতীয় সড়কে সরকারি বাস থাকলেও এই রাজ্য সড়ক পথে সরকারি বাসের বেশ অভাব ছিল। নতুন এই বাস পরিষেবা চালু হওয়ার ফলে দৈনন্দিন নিত্যযাত্রী, চাকরিজীবী এবং ছাত্রছাত্রীরা বিশেষভাবে উপকৃত হবেন।

বাসের রুট ও সময়সূচি:

  • রুট: বাসটি হলদিয়ার টাউনশিপ থেকে ছেড়ে রাজ্য সড়ক ধরে মঞ্জুশ্রী, চৈতন্যপুর, মহিষাদল ও তমলুক হয়ে কলকাতা পৌঁছবে।
  • হলদিয়া থেকে ছাড়ার সময়: সকাল ৮:১৫ মিনিটে (কলকাতা পৌঁছবে সকাল ১১:৩০ মিনিটে)।
  • কলকাতা থেকে ফেরার সময়: দুপুর ১:৪৫ মিনিটে (হলদিয়া পৌঁছবে সন্ধ্যা ৬:৩০ মিনিটে)।

শুক্রবার স্থানীয় বিধায়ক প্রদীপ বিজলী এবং পরিবহণ দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে এই নতুন বাস পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন হতে চলেছে।

ভাড়ার তালিকা (গন্তব্য অনুযায়ী):

  • হলদিয়া থেকে কলকাতা: ১০৯ টাকা
  • মহিষাদল: ৩১ টাকা
  • নন্দকুমার: ৩৫ টাকা
  • তমলুক: ৪২ টাকা
  • কোলাঘাট: ৫৯ টাকা
  • উলুবেড়িয়া: ৭৭ টাকা
  • সাঁতরাগাছি: ১০২ টাকা

যাত্রীদের প্রতিক্রিয়া:

নতুন এই বাস পরিষেবা চালু হওয়ায় স্থানীয় সাধারণ মানুষ ও ছাত্রছাত্রীদের মধ্যে আনন্দের হাওয়া। নিয়মিত পড়াশোনার কাজে কলকাতা যাতায়াত করা হলদিয়ার কলেজ ছাত্রী অনুশ্রী রায় জানান, রাজ্য সড়ক পথে সরকারি বাস না থাকায় এতদিন যাতায়াতে বেশ বেগ পেতে হতো, এবার তা দূর হবে। পাশাপাশি তিনি মহিলাদের সরকারি বাসে বিশেষ সুবিধা প্রদান করার জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানান।

এ বিষয়ে বিধায়ক প্রদীপ বিজলী জানান, স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবির কথা বিবেচনা করে বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে আনা হয়েছিল। তাঁর অনুমোদন পাওয়ার পরই এই বাস পরিষেবা চালু করা সম্ভব হলো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *