হাওড়াবাসীর জন্য সুখবর, রেলের ফাঁকা জমিতেই এবার শহরের ভোলবদল! – এবেলা
July 11, 2026

এবেলা ডেস্কঃ
হাওড়া শহরের সৌন্দর্যায়ন ও পরিকাঠামো উন্নয়নে বড়সড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। পূর্ব রেলের অব্যবহৃত জমিগুলিকে জনস্বার্থে কীভাবে ব্যবহার করা যায়, তা নিয়ে সম্প্রতি রেলকর্তাদের সঙ্গে বৈঠক করেন পুর ও নগরোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী উমেশ রাই। হাওড়া স্টেশন চত্বরকে আরও আধুনিক করে তোলা এবং উন্নত যাত্রী পরিষেবা নিশ্চিত করাই এই উদ্যোগের অন্যতম প্রধান লক্ষ্য।
এছাড়া, লিলুয়ার রানি ঝিল সংস্কার, বেলুড়ের রেল আন্ডারপাসগুলির জল জমার সমস্যা দূর করা এবং ফোরশোর রোড সম্প্রসারণের মতো বিষয়গুলি নিয়েও আলোচনা হয়েছে। মন্ত্রী জানান, এটি প্রাথমিক পর্যায়ের বৈঠক হলেও রেল ও রাজ্যের যৌথ উদ্যোগে দীর্ঘমেয়াদি উন্নয়নের ব্লুপ্রিন্ট তৈরির কাজ শুরু হয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে আগামী দিনে হাওড়া শহরের চেহারা পুরোপুরি বদলে যাবে।
