হাবড়া থেকে এবার সরাসরি হাওড়া, যাত্রীদের মুখে চওড়া হাসি – এবেলা

এবেলা ডেস্কঃ
উত্তর ২৪ পরগনার হাবড়া ও সংলগ্ন এলাকার নিত্যযাত্রীদের জন্য সুখবর। চালু হয়ে গেল নতুন সরকারি বাস পরিষেবা। পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম (ডব্লিউবিটিসি)-এর উদ্যোগে বৃহস্পতিবার থেকে এই রুটের বাস চলাচল শুরু হয়েছে। নতুন এই বাসটি হাবড়া থেকে রওনা দিয়ে নিউটাউন, ধর্মতলা ও ডালহৌসি হয়ে সরাসরি হাওড়া পর্যন্ত যাবে। ফলে উত্তর ২৪ পরগনার একটি বড় অংশের মানুষের কলকাতায় যাতায়াত অনেকটাই সহজ ও সাশ্রয়ী হবে।
নতুন রুট ও সময়সূচী
পরিবহণ দফতর সূত্রে জানা গেছে, নতুন এই বাসটির রুট নম্বর D12A। প্রতিদিন সকাল ৬টা ২০ মিনিটে বাসটি হাবড়া ডিপো থেকে ছাড়বে। এরপর অশোকনগরের কচুয়া মোড়, দত্তপুকুর, বারাসাত, মধ্যমগ্রাম, বিরাটি, বিমানবন্দর, হলদিরাম মোড়, চিনার পার্ক, ইকোপার্ক, ইকোস্পেস, ইউনিটেক গেট-২, নারকেলবাগান, নিউটাউন, কলেজ মোড়, এসডিএফ, স্বাস্থ্য ভবন, নিক্কো পার্ক, চিংড়িঘাটা, বেলেঘাটা, শিয়ালদহ, ধর্মতলা ও ডালহৌসি হয়ে হাওড়া পৌঁছাবে। ফিরতি পথে বিকেল ৪টায় হাওড়া থেকে নিউটাউনের উদ্দেশ্যে এবং সন্ধ্যা ৬টা ২০ মিনিটে নিউটাউন থেকে হাবড়ার উদ্দেশে বাসটি রওনা দেবে।
কর্মজীবী ও সাধারণ মানুষের সুবিধা
এই নতুন রুট চালুর ফলে সবচেয়ে বেশি উপকৃত হবেন বিমানবন্দর, নিউটাউন, ইকোস্পেস, টেকনোপলিস এবং সেক্টর ফাইভ সংলগ্ন আইটি হাব ও বিভিন্ন কর্মক্ষেত্রে যাতায়াতকারী সাধারণ মানুষ। এতদিন যাদের একাধিক ট্রেন বা বাস বদলে অফিসে পৌঁছাতে হত, তারা এখন একটি বাসেই সরাসরি গন্তব্যে পৌঁছাতে পারবেন। এতে যেমন সময় বাঁচবে, তেমনই কমবে যাতায়াতের ধকল। পাশাপাশি, দূরপাল্লার ট্রেন ধরতে যারা হাওড়া স্টেশনে যান, তারাও এই বাসের মাধ্যমে সরাসরি স্টেশনে পৌঁছাতে পারবেন। ফলে অতিরিক্ত টাকা খরচ করে গাড়ি ভাড়া করার প্রবণতা কমবে।
মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াত
রাজ্য সরকারের বিশেষ নীতি অনুযায়ী এই সরকারি বাসেও মহিলারা সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। ফলে মহিলা যাত্রীরা কোনও ভাড়া ছাড়াই হাবড়া থেকে নিউটাউন, ধর্মতলা বা হাওড়া পৌঁছাতে পারবেন, যা তাদের আর্থিক সাশ্রয় ঘটাবে। পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের হাবড়া ডিপো কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের স্বাচ্ছন্দ্য এবং উন্নত যোগাযোগ ব্যবস্থার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম দিন থেকেই এই নতুন বাস পরিষেবা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে।
