হিমাচলে প্রলয়ঙ্করী বৃষ্টি! ১৫৭ জনের মৃত্যু, ৮৮৬ কোটির ক্ষতিতে স্তব্ধ পাহাড় – এবেলা

এবেলা ডেস্কঃ
হিমাচল প্রদেশে প্রাকৃতিক দুর্যোগের গ্রাসে পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। টানা বৃষ্টি, ভূমিধস ও আকস্মিক হড়পা বানে রাজ্যজুড়ে এখনও পর্যন্ত ১৫৭ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। স্টেট ইমার্জেন্সি অপারেশনস সেন্টারের তথ্য অনুযায়ী, গত কয়েক সপ্তাহের এই তাণ্ডবে প্রায় ৯০০টি বাড়ি ও সরকারি-বেসরকারি কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলিয়ে রাজ্যের মোট ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ ছাড়িয়েছে ৮৮৬ কোটি টাকা। ধসের কারণে রাজ্যের ২৫৯টি গুরুত্বপূর্ণ রাস্তা পুরোপুরি অবরুদ্ধ হয়ে পড়ায় যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে।
পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা করে আবহাওয়া দফতর রাজ্যের পাঁচ জেলায় কমলা সতর্কতা জারি করেছে। মান্ডি, কুল্লু ও শিমলা জেলায় বিদ্যুৎ পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে এবং বহু ট্রান্সফর্মার বিকল অবস্থায় রয়েছে। পাশাপাশি, একাধিক পানীয় জল সরবরাহ প্রকল্প ক্ষতিগ্রস্ত হওয়ায় স্থানীয় বাসিন্দারা চরম পানীয় জলের সংকটে পড়েছেন। এদিকে, অবরুদ্ধ সড়কগুলি সচল করতে এবং জরুরি ত্রাণসামগ্রী পৌঁছে দিতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালিয়ে যাচ্ছে স্থানীয় প্রশাসন।
