১০০ দিনের কাজে ৭০০ কোটি বরাদ্দ কেন্দ্রের, দুর্নীতি রুখতে কড়া নবান্ন! – এবেলা

১০০ দিনের কাজে ৭০০ কোটি বরাদ্দ কেন্দ্রের, দুর্নীতি রুখতে কড়া নবান্ন! – এবেলা

এবেলা ডেস্কঃ

ডাবল ইঞ্জিন সরকারের হাত ধরে রাজ্যে ফের চালু হচ্ছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রকল্প। ১০০ দিনের কাজ বা মনরেগা খাতের জন্য চলতি মাসে পশ্চিমবঙ্গকে ৭০০ কোটি টাকা বরাদ্দ করল নয়াদিল্লি। সোমবার দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর এই ঘোষণা করেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান। পাশাপাশি, আগামী মাস থেকে দেশজুড়ে শুরু হতে চলা ১২৫ দিনের কাজের গ্যারান্টি যুক্ত নতুন প্রকল্প ‘ভিবি জি রামজি’ বাংলাতেও কার্যকর করার কথা জানানো হয়েছে।

কর্মসংস্থান ও পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার তৃতীয় ও চতুর্থ পর্যায়ের জন্য যথাক্রমে ৩০০ এবং ৪৬৩ কোটি ৮৮ লক্ষ টাকা বরাদ্দ পেয়েছে রাজ্য। এছাড়া আগামী দিনে গ্রামোন্নয়ন খাতে আরও ১৭০০ কোটি টাকার অনুমোদন দিয়েছে কেন্দ্র। বিগত সরকারের আমলে আবাস যোজনা ও ১০০ দিনের কাজে ব্যাপক দুর্নীতির কারণেই বাধ্য হয়ে কেন্দ্রকে প্রকল্প বন্ধ করতে হয়েছিল বলে দাবি করেন কেন্দ্রীয় মন্ত্রী। রাজ্যে নতুন সরকার আসায় সেই বঞ্চনার অবসান ঘটিয়ে সব প্রকল্প পুনরায় চালুর আশ্বাস দিয়েছেন তিনি।

স্বচ্ছতা নিশ্চিতে কড়া নির্দেশিকা

অতীতের দুর্নীতি ও গাফিলতির পুনরাবৃত্তি ঠেকাতে এ বার কঠোর অবস্থান নিয়েছে রাজ্য সরকার। সমস্ত জেলার জেলাশাসকদের কড়া নির্দেশিকা পাঠিয়ে রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল জানিয়েছেন, প্রকল্প রূপায়ণে কোনওরকম অস্বচ্ছতা বরদাস্ত করা হবে না। নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, কাজ শুরুর আগে রাজ্যের ২ কোটি ৫৬ লক্ষ জব কার্ডধারীর তথ্যভাণ্ডার সম্পূর্ণ ত্রুটিমুক্ত করতে হবে।

দুর্নীতির ফাঁকফোকর বন্ধ করতে গোটা ব্যবস্থাকে ডিজিটাল করা হচ্ছে। সক্রিয় শ্রমিকদের ১০০ শতাংশ ই-কেওয়াইসি ভেরিফিকেশন, ডিজিটাল হাজিরা এবং কাজের জিও-ট্যাগিং বাধ্যতামূলক করা হয়েছে। বর্তমান নিয়ম মেনে আধার-ভিত্তিক পেমেন্ট সিস্টেমের (এবিপিএস) মাধ্যমেই সরাসরি শ্রমিকদের মজুরি প্রদান করা হবে। এ ছাড়া জল সংরক্ষণ, বন্যা নিয়ন্ত্রণ, সেচ ও গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা উন্নতির মতো দীর্ঘমেয়াদি প্রভাব সম্পন্ন কাজগুলোকেই অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছে নবান্ন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *