১২ বছরেই মিরাকল! নিখোঁজ মূক-বধির তরুণী ঘরে ফিরলেন বিশ্বজয়ের সোনা নিয়ে – এবেলা

এবেলা ডেস্কঃ
কোচবিহারের বালাকুঠি গ্রামের মায়া বর্মন ১২ বছর আগে ১৭ বছর বয়সে নিখোঁজ হয়ে যান। জন্মগত মূক ও বধির মায়া ভুল ট্রেনে উঠে গিয়ে আশ্রয় পান হাওড়ার বাগনানের এক সরকারি হোমে। সেখানেই বেড়ে ওঠা মায়ার অদম্য প্রতিভা ফুটে ওঠে ভলিবল কোর্টে। গত কয়েক বছরে দেশ-বিদেশের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি জয় করেছেন একাধিক পদক। বিশেষ করে ২০২৩ সালে জার্মানির বার্লিনে অনুষ্ঠিত স্পেশ্যাল অলিম্পিক্সে সোনা জিতে দেশের মুখ উজ্জ্বল করেছেন এই অসামান্য প্রতিভাধর তরুণী।
সম্প্রতি আধার কার্ড তৈরির প্রক্রিয়ায় আঙুলের ছাপের সূত্র ধরে মায়ার আসল ঠিকানার খোঁজ মেলে। দীর্ঘ এক যুগ পর প্রশাসনের সহায়তায় বুধবার তিনি নিজের পরিবারে ফিরে আসেন। বার্লিন ফেরত মায়া ইশারায় মা-বাবাকে বুঝিয়ে দেন তাঁর একযুগের সংগ্রামের কাহিনী। দীর্ঘদিনের প্রতীক্ষার পর মেয়েকে কাছে পেয়ে এবং তাঁর সাফল্যের গল্প জেনে আবেগাপ্লুত কোচবিহারের বর্মণ পরিবার। অভাবের সংসারে বড় হওয়া মায়ার এই অভাবনীয় প্রত্যাবর্তন এখন গোটা এলাকাকে অনুপ্রাণিত করছে।
