১৪৪ থেকে বেড়ে ২০৯ ওয়ার্ড! কলকাতা পুরসভার করদাতাদের জন্য আসছে বড় পরিবর্তন – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতা পুরসভায় আসন্ন পুরভোটের আগে ওয়ার্ড পুনর্বিন্যাসের (ডিলিমিটেশন) কাজ চলছে। প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, পুরসভার ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ করা হতে পারে। এই প্রক্রিয়া সম্পন্ন হলেই সম্পত্তি কর ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আসতে চলেছে, যার ফলে আগামী অর্থবর্ষের আগেই কলকাতা পুরসভার প্রায় ১০ লক্ষ সম্পত্তি করদাতার নতুন ‘অ্যাসেসি নম্বর’ তৈরি করতে হবে।
যেহেতু প্রতিটি অ্যাসেসি নম্বরের মধ্যেই ওয়ার্ড নম্বরের উল্লেখ থাকে, তাই ওয়ার্ডের পরিবর্তন ঘটলে নতুন করে ওয়ার্ডভিত্তিক অ্যাসেসি নম্বর বরাদ্দ করা ছাড়া উপায় নেই। যদিও কর মূল্যায়ন ও রাজস্ব আদায় বিভাগের মতে, সাধারণ করদাতাদের এতে বিশেষ অসুবিধা হবে না। তবে যাঁরা আগে থেকেই কর সংক্রান্ত কোনো আবেদন বা আইনি মামলা করে রেখেছেন, তাঁদের ক্ষেত্রে কিছুটা জটিলতা তৈরি হতে পারে। পুরসভার সংশ্লিষ্ট দপ্তর পুরোনো ও নতুন অ্যাসেসি নম্বরের মধ্যে সঠিক ট্র্যাকিং বা সামঞ্জস্য বজায় রেখে এই সমস্যার সমাধান করবে।
