১৯ হাজার স্কুলে নেই পরিকাঠামো! শিক্ষক দিবসে শিক্ষা নিয়ে ক্ষোভ শুভেন্দুর – এবেলা

১৯ হাজার স্কুলে নেই পরিকাঠামো! শিক্ষক দিবসে শিক্ষা নিয়ে ক্ষোভ শুভেন্দুর – এবেলা

এবেলা ডেস্কঃ

শিক্ষক দিবসের অনুষ্ঠান থেকে রাজ্যের শিক্ষাব্যবস্থার পরিকাঠামোগত খামতি ও বর্তমান হাল নিয়ে রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাংলার শিক্ষাব্যবস্থার আমূল সংস্কার এবং দীর্ঘদিনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার আহ্বান জানান তিনি।

শুভেন্দুর অভিযোগ, স্বাধীনতার এত বছর পরও পশ্চিমবঙ্গের প্রায় ১৯ হাজার স্কুলে ন্যূনতম পরিকাঠামো নেই। বহু স্কুলে আজও পরিশ্রুত পানীয় জল ও উন্নত শৌচালয়ের অভাব রয়েছে। এছাড়া, গত তিন বছর ধরে বহু স্কুল ‘কম্পোজিট গ্র্যান্ট’-এর টাকা পাচ্ছে না বলে তিনি দাবি করেন। প্রাথমিক স্তরে মিড-ডে মিলের বরাদ্দ বাড়ানোর পাশাপাশি স্কলারশিপের ক্ষেত্রে ধর্মের ভিত্তিতে বৈষম্য বন্ধের দাবি তোলেন তিনি।

শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে শুভেন্দু বলেন, অতীতে অনিয়মের কারণে ‘শিক্ষক’ শব্দের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। আগামী দিনে শিক্ষক নিয়োগে শতপ্রতিশত স্বচ্ছতা আনা হবে এবং মেধাই হবে একমাত্র মাপকাঠি। পাশাপাশি শিক্ষক-শিক্ষিকা ও অবসরপ্রাপ্ত শিক্ষাকর্মীদের বকেয়া মেটানোসহ আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত করার আশ্বাস দেন তিনি।

শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ বিকাশের ওপর জোর দিয়ে তিনি বলেন, স্কুল-কলেজে এনসিসি (NCC) ও খেলাধুলা বন্ধ করা বড় ভুল ছিল, তা দ্রুত ফেরানো প্রয়োজন। অতিরিক্ত মোবাইল ব্যবহারের কুফল সম্পর্কে সতর্ক করে তিনি রামকৃষ্ণ মঠ ও মিশনের মতো সুশৃঙ্খল পরিবেশ গঠনের পরামর্শ দেন। এছাড়া জাতীয় শিক্ষানীতি অনুসরণ, আধুনিক পাঠ্যক্রম তৈরি এবং শিক্ষার্থীদের মধ্যে ‘দেশ প্রথম’ নীতি ও জাতীয় মূল্যবোধ গড়ে তোলার বার্তা দেন শুভেন্দু অধিকারী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *