১৯৪৭-এ মেলেনি মুক্তি! মাত্র ৩৬ ঘণ্টার সেনা অভিযানে যেভাবে স্বাধীন হয় ভারতের এই রাজ্য – এবেলা

এবেলা ডেস্কঃ
প্রতি বছর ১৫ আগস্ট দেশজুড়ে স্বাধীনতা দিবস পালিত হলেও ১৯৪৭ সালের সেই ঐতিহাসিক দিনে ভারতের একটি রাজ্য কিন্তু স্বাধীনতার উদযাপনে অংশ নিতে পারেনি। রাজ্যটি হলো গোয়া, যা ব্রিটিশদের অধীনে না থেকে দীর্ঘকাল পর্তুগিজদের নিয়ন্ত্রণে ছিল। ১৫১০ সালে বিজাপুরের সুলতানকে হারিয়ে আফোঁসো দে আলবুকার্ক গোয়া দখল করেন। পরবর্তীতে ব্রিটিশ শাসনামলেও গোয়ায় পর্তুগিজদের কর্তৃত্ব বহাল থাকে। স্বাধীনতার পর ভারতীয় নেতা ত্রিস্তাঁও দে ব্রাগান্সা কুনহা ও রাম মনোহর লোহিয়ার মতো ব্যক্তিত্বদের নেতৃত্বে গোয়ান জাতীয়তাবাদী আন্দোলন এবং নাগরিক স্বাধীনতার আন্দোলন জোরদার হয়। তবে প্রথমদিকে জওহরলাল নেহরুর কূটনৈতিক প্রচেষ্টা সত্ত্বেও পর্তুগালের স্বৈরাচারী সরকার গোয়া ছাড়তে অস্বীকৃতি জানায়।
অবশেষে ১৯৬১ সালের ২৪ নভেম্বর এক ভারতীয় জাহাজে পর্তুগিজদের গুলিবর্ষণের পর পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। ফলস্বরূপ, ১৭ ডিসেম্বর রাতে ভারতীয় স্থল, নৌ ও বিমানবাহিনী যৌথভাবে ‘অপারেশন বিজয়’ সামরিক অভিযান শুরু করে। পর্তুগিজ বাহিনী ভারতীয় বাহিনীর সামরিক শক্তির সামনে টিকতে না পেরে মাত্র ৩৬ ঘণ্টার মধ্যেই আত্মসমর্পণ করে। ১৯ ডিসেম্বর ১৯৬১ সন্ধ্যায় পর্তুগিজ গভর্নর-জেনারেল ম্যানুয়েল আন্তোনিও ভাসালো ই সিলভা আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করলে গোয়ায় দীর্ঘ সাড়ে চার শতকের পর্তুগিজ শাসনের অবসান ঘটে। এই দিনটি আজও ‘গোয়া লিবারেশন ডে’ হিসেবে পালিত হয়। প্রাথমিক পর্যায়ে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে থাকার পর ১৯৮৭ সালের ৩০ মে গোয়া ভারতের একটি পূর্ণাঙ্গ রাজ্য হিসেবে স্বীকৃতি লাভ করে।
