২১৫ কর্মীর বেতন বন্ধ, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ কাণ্ডে সরাসরি সুপ্রিম কোর্টে তৃণমূল! – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতা: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে এবার দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের দরজায় কড়া নাড়ল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। অ্যাকাউন্ট বন্ধ থাকার ফলে দলের দৈনিক কাজকর্ম পরিচালনা এবং কর্মীদের বেতন দেওয়া সম্ভব হচ্ছে না বলে আদালতের কাছে দাবি করেছে রাজ্যের শাসক দল। অন্যদিকে, তৃণমূলের এই ‘আর্থিক সংকটে’র দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য বলে পাল্টা তোপ দেগেছে কেন্দ্র।
আদালতে কাদের কী যুক্তি?
- তৃণমূলের সওয়াল: বিচারপতি এমএম সুন্দরেশের বেঞ্চে শুনানির সময় তৃণমূলের আইনজীবী জানান, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ থাকার কারণে দলের প্রায় ২১৫ জন কর্মীর বেতন আটকে রয়েছে। এর পাশাপাশি দলের দৈনন্দিন অফিসিয়াল খরচ চালানোও আসাম্ভব হয়ে পড়েছে।
- কেন্দ্রের পাল্টা অবস্থান: তৃণমূলের এই বক্তব্যের কড়া বিরোধিতা করে কেন্দ্র। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে স্পষ্টভাবে জানানো হয় যে, তৃণমূলের হাতে বা অ্যাকাউন্টে পর্যাপ্ত অর্থ রয়েছে। দলটির আর্থিক সংকটের দাবিটি একেবারেই অতিরঞ্জিত।
পরবর্তী পদক্ষেপ ও রাজনৈতিক প্রতিক্রিয়া
উভয় পক্ষের যুক্তিতর্ক শোনার পর বিচারপতি এমএম সুন্দরেশের বেঞ্চ একটি পর্যবেক্ষণ সামনে আনে। আদালতের প্রশ্ন, দৈনন্দিন খরচ চালানোর সুবিধার্থে কলকাতা হাইকোর্ট নিযুক্ত প্রশাসকের হাতে কিছু পরিমাণ অর্থ তুলে দেওয়া সম্ভব কি না—সে বিষয়ে মতামত চাওয়া হয়েছে।
এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। সুপ্রিম কোর্টে তৃণমূলের কর্মী সংখ্যা ও আর্থিক টানাটানির দাবি নিয়ে তীব্র কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এখন দেখার, শীর্ষ আদালতের আগামী পদক্ষেপে এই হাই-প্রোফাইল মামলার জল কোন দিকে গড়ায়!
