৫০০ নারীর মন জয় করে ২ কোটি উধাও, জালে বাংলার ধুরন্ধর রোমিও!

সোশ্যাল মিডিয়া ও ম্যাট্রিমনিয়াল সাইট ব্যবহার করে প্রতারণার অভিযোগে পশ্চিমবঙ্গের বাসিন্দা ৩৫ বছর বয়সী আনন্দ কুমারকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। প্রেমের ফাঁদে ফেলে ও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দেশের ৫০০ জনেরও বেশি নারীর কাছ থেকে প্রায় ২ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অভিযুক্ত যুবক বিভিন্ন ডেটিং অ্যাপ ও ম্যাট্রিমনিয়াল সাইটে নিজেকে ডাক্তার, ব্যবসায়ী, চলচ্চিত্র প্রযোজক বা আইনজীবী হিসেবে পরিচয় দিয়ে নারীদের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তুলত এবং পরবর্তীতে বিভিন্ন অজুহাতে টাকা আত্মসাৎ করত।
পুলিশ জানায়, এক ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে সাইবার ইউনিট প্রতারকের আসল পরিচয় শনাক্ত করে। আনন্দ কুমার ‘বৈভব অরোরা’ সেজে ওই নারীর কাছ থেকে ৭ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার পর নিজেকে মৃত দাবি করে আত্মগোপনে চলে গিয়েছিল। তদন্তে জানা যায়, সে একই সঙ্গে একাধিক ভুয়া প্রোফাইল চালাত এবং নারীদের ব্যক্তিগত ছবি ও ভিডিও ভাইরাল করার হুমকি দিয়ে ব্ল্যাকমেল করত। আটকের সময় তার কাছ থেকে চারটি মোবাইল ফোন, আটটি সিম কার্ড ও বিপুল পরিমাণ সোনার গয়না উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, প্রতারণার মাধ্যমে অর্জিত অর্থ সে অনলাইন গেমিং ও ব্যক্তিগত বিলাসিতার পেছনে ব্যয় করত।
