৬ মাস পর সব উল্টে যাবে! যাদবপুর কাণ্ডে দিলীপ ঘোষের কড়া হুঁশিয়ারি! – এবেলা

এবেলা ডেস্কঃ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বামপন্থী ছাত্র সংগঠন এবং এবিভিপি-র মধ্যে ঘটে যাওয়া সাম্প্রতিক সংঘর্ষকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। গত বুধবার বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ ভবনে ইঞ্জিনিয়ারিং বিভাগের একটি সাধারণ সভাকে কেন্দ্র করে দুই পক্ষের সমর্থকদের মধ্যে তীব্র হাতাহাতি, ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটে। এই সংঘর্ষের রেশ ধরে পরের দিন উভয় পক্ষের মিছিল ও পাল্টা মিছিলে বিশ্ববিদ্যালয় চত্বর কার্যত রণক্ষেত্রের রূপ নেয়, যা নিয়ে শিক্ষামহলে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়েছে।
এই উত্তপ্ত পরিস্থিতিতে মুখ খুলেছেন বিজেপির বর্ষীয়ান নেতা দিলীপ ঘোষ। তিনি শাসকদলকে নিশানা করে দাবি করেন, বিশ্ববিদ্যালয়টিকে দীর্ঘদিন ধরে দেশবিরোধী ভাবধারা ও স্লোগান তোলার কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। ক্যাম্পাসে পুনরায় এ ধরনের কোনো কার্যকলাপ বা স্লোগান উঠলে সরাসরি ‘সার্জিক্যাল স্ট্রাইক’ করা হবে বলে তিনি অত্যন্ত কঠোর হুঁশিয়ারি দেন। এছাড়া তিনি যোগ করেন যে, আর মাত্র ছয় মাস অপেক্ষা করুন, রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি সম্পূর্ণরূপে উল্টেপাল্টে যাবে।
