৭ বছর পর নাবালিকা ধর্ষণ মামলায় বিরাট রায় হাইকোর্টের! সৎবাবা বেকসুর খালাস – এবেলা

এবেলা ডেস্কঃ
২০১৮ সালে উত্তর কলকাতায় ১৬ বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে সৎবাবাকে দোষী সাব্যস্ত করেছিল নিম্ন আদালত। দীর্ঘ সাত বছর পর সেই মামলায় অভিযুক্তকে বেকসুর খালাস করল কলকাতা হাইকোর্ট। পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তির পর ওই কিশোরীর তিন মাসের অন্তঃসত্ত্বা হওয়ার খবর সামনে আসে। এরপর সৎবাবার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যৌন নির্যাতন ও খুনের হুমকির অভিযোগ তুলে টালা থানায় এফআইআর দায়ের করেন নির্যাতিতার মা। যার ভিত্তিতে ২০১৯ সালে পকসো আইনে অভিযুক্তের সাজা ঘোষণা হয়।
নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন অভিযুক্ত। বিচারপতি রাজাশেখর মান্থা ও বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চ জানিয়েছে, গর্ভধারণের সঙ্গে অভিযুক্তকে যুক্ত করার মতো কোনও ডিএনএ বা ফরেনসিক প্রমাণ পুলিশের তদন্তে নেই। দেরিতে অভিযোগ দায়ের এবং চিকিৎসকদের রিপোর্টে অসংগতিকেও তদন্তের বড় গাফিলতি বলেছে আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশিকার কথা উল্লেখ করে হাইকোর্ট স্পষ্ট জানিয়েছে, সন্দেহ যতই জোরালো হোক, তা কখনোই প্রমাণের বিকল্প হতে পারে না।
