টানা ১৬ দিন অনশনে কমল ৮ কেজি ওজন, যন্তর মন্তরে আশঙ্কাজনক সোনম ওয়াংচুক – এবেলা

টানা ১৬ দিন অনশনে কমল ৮ কেজি ওজন, যন্তর মন্তরে আশঙ্কাজনক সোনম ওয়াংচুক – এবেলা

এবেলা ডেস্কঃ

নিট-সহ একাধিক পরীক্ষার প্রশ্নফাঁস বিতর্কে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা ও শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির ধরনা অবস্থান অব্যাহত। এই আন্দোলনের অংশ হিসেবে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসেছেন সমাজকর্মী তথা গবেষক সোনম ওয়াংচুক। টানা অনশনের জেরে তাঁর শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটেছে। সোমবার তাঁর অনশন আন্দোলন ১৬ দিনে পা দিল। ককরোচ জনতা পার্টির দেওয়া তথ্য অনুযায়ী, সোনমের রক্তচাপ বর্তমানে ১০৭/৭০ মিমি এইচজি এবং তাঁর ওজন ইতিমধ্যেই ৮ কেজিরও বেশি কমে গিয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ এই আন্দোলনকে অহংকারের লড়াইয়ে পরিণত না করতে সরকারের কাছে বিশেষ অনুরোধ জানিয়েছেন।

এই পরিস্থিতিতে আন্দোলনরত সোনমের পাশে দাঁড়াতে কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতাকে শামিল হওয়ার আর্জি জানিয়েছেন শিব সেনা প্রধান উদ্ধব ঠাকরে। মুম্বইয়ের এক সাংবাদিক বৈঠকে উদ্ধব জানান, তিনি নিজে ককরোচ জনতা পার্টির এই আন্দোলনে যোগ দেবেন এবং রাহুলেরও সেখানে যাওয়া উচিত। দেশের তরুণদের ওপর যাদের আস্থা রয়েছে, তাদের সবাইকে এবং সারা দেশের মানুষকে রাস্তায় নেমে এই আন্দোলনকে সমর্থন জানানোর আহ্বান জানিয়েছেন তিনি। অন্যদিকে, অভিজিৎ দীপ স্পষ্ট জানিয়েছেন যে ভুল স্বীকার করা দুর্বলতা নয়, বরং এটি পরিপক্কতা এবং ভুল শুধরে নেওয়ার সদিচ্ছার পরিচয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *