৮১৫ আসনের গোলকধাঁধায় কি সত্যিই দক্ষিণ ভারত দখলের নীল নকশা!

২০২৬ সালের ১৬ এপ্রিল লোকসভায় আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন বিল নিয়ে রাজনৈতিক ও সাংবিধানিক বিতর্ক তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিটি রাজ্যে আসন সংখ্যা ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির আশ্বাস দিলেও, সরকারের এই মৌখিক প্রতিশ্রুতির সঙ্গে আনুষ্ঠানিকভাবে পেশ করা বিলের লিখিত বয়ানে বড় ধরনের অসামঞ্জস্য রয়েছে। বিরোধীদের অভিযোগ, বিলে কোনো লিখিত গ্যারান্টি না থাকায় সরকারের এই দাবির কার্যকারিতা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
বিশেষজ্ঞদের মতে, সরকারের এই প্রতিশ্রুতি সংবিধানের ৮১ নম্বর অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক, যেখানে লোকসভার প্রতিটি কেন্দ্রের জনসংখ্যার অনুপাত সমান রাখার কথা বলা হয়েছে। ২০১১ সালের জনশুমারি অনুযায়ী আসন পুনর্বিন্যাস করলে জনসংখ্যাধিক্যের কারণে উত্তর ভারতের রাজ্যগুলোতে আসন সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়লেও, দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে সেই তুলনায় আসন বৃদ্ধি পাওয়া গাণিতিকভাবে কঠিন। এছাড়া মহিলা সংরক্ষণ বিলের আড়ালে কেন্দ্রীয় সরকার হিন্দি বলয়ের রাজনৈতিক আধিপত্য বিস্তার করতে চাইছে বলে বিরোধীদের অভিযোগ, যা ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ভারসাম্যকে বিঘ্নিত করতে পারে বলে বিশ্লেষকরা আশঙ্কা করছেন।
