অবশেষে অনুমতি মিলল! বনগাঁয় কি তবে স্বস্তিতে সিপিএম? – এবেলা

এবেলা ডেস্কঃ
অবশেষে আইনি জটিলতা কাটিয়ে বনগাঁয় সিপিএমকে বুক স্টল তৈরির অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। তবে স্টল নির্মাণের ক্ষেত্রে একাধিক কড়া শর্ত বেঁধে দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। আদালতের নির্দেশ অনুযায়ী, সংশ্লিষ্ট পার্টি অফিসের একশো মিটারের মধ্যেই এই স্টল তৈরি করতে হবে। পাশাপাশি, স্টল নির্মাণ ও তার পরবর্তী সময়ে এলাকায় যাতে কোনও ধরনের অশান্তি না ছড়ায়, তা নিশ্চিত করতে পর্যাপ্ত পুলিশ বাহিনী মোতায়েন রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২৩ নভেম্বর জেলা পুলিশ সুপারকে এই বিষয়ে হাই কোর্টে একটি বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে।
শুনানি চলাকালীন রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে আদালত। বিচারপতি সাফ জানান, আইনের চোখে সবাই সমান এবং একেক জনের জন্য একেক রকম নিয়ম চলতে পারে না। কেউ স্টল করতে চাইলে তাতে বাধা দেওয়া বা পুলিশের পক্ষপাতমূলক আচরণ বরদাস্ত করা হবে না। অন্যদিকে, পূর্ত দপ্তরের অনুমতি না থাকা এবং অন্য পক্ষের আপত্তির বিষয়টি আদালতে তোলা হলেও সমস্ত পক্ষের সওয়াল-জবাব শোনার পর হাই কোর্ট বুক স্টল তৈরির পক্ষে রায় দেয়। আদালতের এই ঐতিহাসিক রায়ের ফলে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ও কৌতূহল সৃষ্টি হয়েছে।
