আজ থেকে কার্যকর ‘গুন্ডাদমন আইন’ – এবেলা

এবেলা ডেস্কঃ
পশ্চিমবঙ্গে সংগঠিত অপরাধ ও সমাজবিরোধী কার্যকলাপ রুখতে আজ থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো ঐতিহাসিক ‘গুন্ডাদমন আইন’। রাজ্যপালের অনুমোদনের পর ‘ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অব অ্যান্টি-সোশ্যাল অ্যাক্টিভিটিজ বিল, ২০২৬’ এখন পূর্ণাঙ্গ আইন। বিধানসভায় এই আইনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পূর্বতন বাম ও তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করেন। তিনি স্পষ্ট জানান, রাজ্যে দীর্ঘ ৩৪ বছরের কমিউনিস্ট হার্মাদ এবং পরবর্তী ১৫ বছরের তৃণমূলী গুন্ডাদের জব্দ করতেই এই কড়া পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি ছিল।
প্রস্তাবিত এই নতুন আইনের আওতায় জনমনে আতঙ্ক সৃষ্টি, তোলাবাজি, সিন্ডিকেট রাজ, এবং বেআইনিভাবে জমি বা সম্পত্তি দখলকে কঠোর অপরাধ হিসেবে গণ্য করা হবে। এছাড়া সরকারি-বেসরকারি সম্পত্তি ভাঙচুর, অবৈধ বালি ও খনি খাদান উত্তোলন এবং বন্যপ্রাণী পাচারের মতো বিষয়গুলিকেও এই আইনের পরিধিতে আনা হয়েছে। মুখ্যমন্ত্রী দাবি করেন, রাজ্যের জনশৃঙ্খলা রক্ষা, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং অসামাজিক কার্যকলাপের শিকড় উপড়ে ফেলতেই এই আইন বড় ভূমিকা নেবে।
