আজ রাতের আকাশে জ্বলজ্বল করবে বৃহস্পতি ও শুক্র, খালি চোখেই দেখা যাবে বিরল মহাজাগতিক দৃশ্য! – এবেলা

এবেলা ডেস্কঃ
মহাকাশপ্রেমীদের জন্য আজ ৯ জুন ২০২৬, মঙ্গলবার এক বিশেষ দিন। রাতের আকাশে আজ এক বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে চলেছে বিশ্ববাসী। মিথুন রাশিতে আজ দেবগুরু বৃহস্পতি ও দৈত্যাচার্য শুক্র একে অপরের খুব কাছাকাছি অবস্থান করবে। গ্রহ দুটির এই যুতি এমন এক অবস্থানে থাকবে যে পৃথিবী থেকে মনে হবে তারা পরস্পরকে আলিঙ্গন করে আছে। আকাশ পরিষ্কার থাকলে এই দৃশ্য উপভোগ করতে কোনো টেলিস্কোপের প্রয়োজন হবে না, খালি চোখেই দেখা যাবে তাদের উজ্জ্বল উপস্থিতি।
কখন ও কীভাবে দেখবেন
বিজ্ঞানীরা জানিয়েছেন, সন্ধ্যার পর থেকে পশ্চিম আকাশের দিকে তাকালে এই দুই গ্রহকে উজ্জ্বলভাবে দেখা সম্ভব হবে। তবে এই বিরল মহাজাগতিক দৃশ্যটি সবথেকে স্পষ্ট ও মোহনীয় হয়ে উঠবে ভোরের দিকে, অর্থাৎ সূর্যোদয়ের ঠিক আগে। ভারতসহ এশিয়া, ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং আন্টার্কটিকার আকাশ থেকেও এই দৃশ্য দেখা যাবে। আগামী ১৫ জুন পর্যন্ত এই গ্রহগুলোর এই বিশেষ অবস্থান বজায় থাকবে।
যোগ দেবে বুধ গ্রহ
বৃহস্পতি ও শুক্রের এই কাছাকাছি আসার বিষয়টি মহাজাগতিক নিয়মে ঘটলেও, এর সঙ্গে এবার যোগ দিতে চলেছে বুধ গ্রহ। ১১ জুনের পর থেকে বৃহস্পতি ও শুক্রের পাশাপাশি আকাশ পরিষ্কার থাকলে বুধকেও দেখা যাবে। পৃথিবী থেকে এই গ্রহগুলোকে একে অপরের খুব কাছে মনে হলেও, বাস্তবে তারা লক্ষ লক্ষ কিলোমিটার দূরত্ব বজায় রেখেই অবস্থান করছে। এই বিরল দৃশ্যটি সৌরজগতের গ্রহগুলোর কক্ষপথের এক চমৎকার বিন্যাস হিসেবে চিহ্নিত করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা।
