ইনজেকশন বিঁধতেই বনকর্মীর ওপর ঝাঁপিয়ে পড়ল আহত চিতাবাঘ! কর্ণাটকে রোমহর্ষক কাণ্ড – এবেলা

ইনজেকশন বিঁধতেই বনকর্মীর ওপর ঝাঁপিয়ে পড়ল আহত চিতাবাঘ! কর্ণাটকে রোমহর্ষক কাণ্ড – এবেলা

এবেলা ডেস্কঃ

দাবানগরে: উদ্ধার অভিযান চালাতে গিয়ে মারাত্মক বিপদের মুখে পড়লেন বন দপ্তরের কর্মীরা। কর্ণাটকের দাবানগরে একটি জাতীয় সড়কে দ্রুতগামী গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়ে পড়েছিল একটি বিশাল চিতাবাঘ। খবর পেয়ে বন দপ্তরের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

প্রাণীটিকে নিরাপদে উদ্ধার করে পশু হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বনকর্মীরা ট্র্যাঙ্কুলাইজার বা ঘুমপাড়ানি ইনজেকশন প্রয়োগ করেন। কিন্তু অ্যানেস্থেসিয়ার ওষুধ পুরোপুরি কাজ শুরু করার আগেই প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করতে থাকা চিতাবাঘটি আচমকা সামনে থাকা এক বনকর্মীর ওপর ঝাঁপিয়ে পড়ে। থাবা দিয়ে তাকে মাটিতে পেড়ে ফেলে চেপে ধরে।

সহকর্মীকে চরম বিপদে পড়তে দেখে বিন্দুমাত্র সময় নষ্ট না করে বাকি বনকর্মীরা লাঠি হাতে এগিয়ে যান। লাঠির সাহায্যে চিতাবাঘটিকে তাড়িয়ে তারা আক্রান্ত সহকর্মীকে দ্রুত টেনে তোলেন। তাড়া খেয়ে বাঘটি রাস্তার পাশের ঝোপে গিয়ে আশ্রয় নেয়। পরবর্তীতে সতর্কতার সঙ্গে চিতাটিকে পুরোপুরি কাবু করে চিকিৎসার জন্য পশু হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

এই শিউরে ওঠার মতো ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভাইরাল হতেই ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন নেটিজেনরা। বন্যপ্রাণী উদ্ধারে আধুনিক প্রযুক্তি ও সরঞ্জামের অভাব এবং কেবল লাঠি ব্যবহারের কঠোর সমালোচনা করেছেন অনেকেই। পাশাপাশি, অনিয়ন্ত্রিত হাইওয়ে সম্প্রসারণের ফলে বন্যপ্রাণীদের জীবন ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় ‘ওয়াইল্ডলাইফ করিডোর’-এর প্রয়োজনীয়তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *