ইমরান খানের পর এবার অস্ত্রোপচারের টেবিলে বুশরা বিবি!

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবির ডান চোখে জরুরি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। আদিয়ালা জেলে বন্দি থাকা অবস্থায় হঠাৎ দৃষ্টিশক্তি কমে যাওয়ার অভিযোগ করলে তাকে রাওয়ালপিন্ডির একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে রেটিনা বিশেষজ্ঞ ড. নাদিম কুরাইশির তত্ত্বাবধানে তার চোখে সফল অস্ত্রোপচার করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি ‘রেটিনাল ডিটাচমেন্ট’ বা রেটিনা বিচ্ছিন্ন হওয়ার সমস্যায় ভুগছিলেন। অস্ত্রোপচারের পর এক রাত হাসপাতালে পর্যবেক্ষণে রাখার পর তাকে পুনরায় কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে।
পিটিআই জানিয়েছে, বুশরা বিবি দীর্ঘ সময় ধরে মায়োপিয়া ও অ্যাস্টিগম্যাটিজমসহ চোখের নানা জটিলতায় আক্রান্ত। এদিকে এই ঘটনাকে অত্যন্ত উদ্বেগজনক হিসেবে দেখছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলটির চেয়ারম্যান গহর আলি খান জানিয়েছেন, কারাবন্দি নেতাদের সঠিক চিকিৎসা পাওয়া তাদের মৌলিক অধিকার। বর্তমানে আল-কাদির ট্রাস্ট মামলায় দণ্ডিত বুশরা বিবির স্বাস্থ্যের অবনতির প্রেক্ষাপটে ইমরান খানকেও উন্নত চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালে স্থানান্তরের দাবি জানিয়েছেন দলটির নেতারা।
