এক ধাক্কায় লিটারপিছু ৬ টাকারও বেশি বাড়ল অটো-এলপিজি! ফের কি বড়সড় ভাড়ার বোঝা সাধারণের ঘাড়ে?

এক ধাক্কায় লিটারপিছু ৬ টাকারও বেশি বাড়ল অটো-এলপিজি! ফের কি বড়সড় ভাড়ার বোঝা সাধারণের ঘাড়ে?

মে মাসের শুরুতেই বড়সড় ধাক্কা খেলেন সাধারণ মানুষ ও অটোচালকরা। ১ মে থেকে কার্যকর হওয়া নতুন হার অনুযায়ী, অটো চালানোর জন্য ব্যবহৃত এলপিজি (LPG)-র দাম লিটারপিছু ৬.৪৪ টাকা বৃদ্ধি পেয়েছে। এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে ফের অটো ভাড়া বাড়ার জোরালো আশঙ্কা তৈরি হয়েছে নিত্যযাত্রীদের মধ্যে।

দামের তুলনামূলক খতিয়ান

এতদিন অটো চালানোর জ্বালানি হিসেবে এলপিজি-র দাম ছিল লিটারপ্রতি ৮২.৯৬ টাকা। গত ১ মে থেকে তা একলাফে বেড়ে দাঁড়িয়েছে ৮৯ টাকা ৪০ পয়সায়। এক ধাক্কায় ৬ টাকার বেশি দাম বেড়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন অটোচালকরা। তাঁদের দাবি, জ্বালানির খরচ যে হারে বেড়েছে, তাতে পুরনো ভাড়ায় পরিষেবা দেওয়া আসাম্ভব হয়ে দাঁড়াচ্ছে।

নিত্যযাত্রীদের উদ্বেগ ও চালকদের দুশ্চিন্তা

মূল্যবৃদ্ধির এই খবর চাউর হতেই নিত্যযাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বাসের অপ্রতুলতার কারণে বহু মানুষ অটোর ওপর নির্ভরশীল। এখন যদি অটো ভাড়া ফের বাড়ানো হয়, তবে মধ্যবিত্তের পকেটে বড়সড় টান পড়বে। অন্যদিকে, যাত্রী পরিষেবা নিয়ে চিন্তিত অটোচালকদের একাংশও। তাঁদের মতে, অস্বাভাবিক হারে ভাড়া বাড়ালে যাত্রীসংখ্যা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যা তাঁদের রোজগারে নেতিবাচক প্রভাব ফেলবে।

পরিষেবায় প্রভাব পড়ার আশঙ্কা

জ্বালানির বাড়তি খরচ সামাল দিতে ইতিমধ্যে অনেক রুটে অটোচালকরা আলোচনার মাধ্যমে ভাড়া বাড়ানোর পরিকল্পনা শুরু করেছেন। তবে কমিশন বা প্রশাসন থেকে এ বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক নির্দেশিকা না আসায় বিভ্রান্তি বাড়ছে। ৪ মে ভোটের ফলাফলের পর এই মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াতে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।

প্রতিবেদক: স্বাধীন মানব দাস।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *