“কর্পোরেট নিরাপত্তা কেবলই মোহ!” ১৮ বছরের চাকরি হারিয়ে ইন্টারনেটে ঝড় তুললেন ব্যক্তি – এবেলা
August 12, 2026

এবেলা ডেস্কঃ
১৮ বছরের কর্পোরেট ক্যারিয়ারে হঠাৎ ইতি, অথচ বিষণ্ণতার বদলে মেলেছে পরম শান্তি! ৪০ বছর বয়সে চাকরি হারিয়ে ইনস্টাগ্রামে নিজের এক অভিনব ও ইতিবাচক অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন ‘midlifeeboot43’ নামের এক নেটিজেন।
কর্পোরেট জগতের শীর্ষ পদে দীর্ঘদিন কাজ করার পর কাজ হারানোর এই ধাক্কাকে তিনি জীবনের এক ‘চোখ খুলে দেওয়া মোড়’ বলে মনে করছেন। তাঁর অভিজ্ঞতা থেকে উঠে এসেছে তিনটি বড় শিক্ষা:
- আসল ও নকল সম্পর্কের তফাত: নিয়মিত বেতন বন্ধ হতেই প্রকাশ পায় বন্ধুমহলের আসল রূপ। তিনি জানান, প্রকৃত বন্ধুরা সবসময় পাশে এসে দাঁড়ায়, আর ভণ্ডরা এক লাইনের সমবেদনা বার্তাতেই দায়িত্ব সারে।
- টাকার প্রকৃত মূল্য বোঝা: আয় বন্ধ হলে অযথা শো-অফ ও অপ্রয়োজনীয় খরচ এক ধাক্কায় কমে যায়। ফলে এক কঠিন কিন্তু বাস্তবধর্মী অর্থনৈতিক সচেতনতা তৈরি হয়।
- কর্পোরেট মোহভঙ্গ ও মানসিক শান্তি: কর্পোরেট চাকুরির তথাকথিত ‘স্থায়িত্ব’ বা নিরাপত্তা আসলে একটি অলীক কল্পনা। এই উপলব্ধি আসার পর অফিসের ছোটখাটো বিষয়ে অযথা মানসিক শান্তি নষ্ট করা বন্ধ হয়ে যায়।
ইনস্টাগ্রামে এই পোস্টটি আসতেই হু-হু করে ভাইরাল হয়ে যায়। কঠিন পরিস্থিতি থেকেও ইতিবাচক জীবনবোধ খুঁজে নেওয়ার এই মানসিকতাকে সাধুবাদ জানিয়েছেন নেটিজেনরা।
