কলকাতার দখল নিতে মরিয়া বিজেপি! নভেম্বরের সম্ভাব্য পুরভোটের আগে চূড়ান্ত ‘মাস্টারপ্ল্যান’ – এবেলা

এবেলা ডেস্কঃ
আগামী নভেম্বর মাসে সম্ভাব্য কলকাতা ও হাওড়া পুরসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক তৎপরতা দ্বিগুণ করেছে রাজ্য বিজেপি। দলীয় সূত্রে জানা গেছে, এই দুই গুরুত্বপূর্ণ পুরনিগমের ভোট পরিচালনার জন্য মঙ্গলবার সল্টলেকের দলীয় কার্যালয়ে এক উচ্চপর্যায়ের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য, কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের উপস্থিতিতে এই বৈঠকে ভোটের কৌশল নির্ধারণ এবং মূল নেতৃত্ব বা ‘মাথা’ বাছাইয়ের কাজ সম্পূর্ণ করা হয়েছে। বৈঠক শেষে রাজ্য সাধারণ সম্পাদক শশী অগ্নিহোত্রীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কলকাতার আসন্ন পুরভোটের জন্য কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং হাওড়ার দায়িত্বে সংসদ সদস্য রাহুল সিনহাকে ইনচার্জ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
পাশাপাশি, নির্বাচন পরিচালনকে আরও শাণিত করতে কলকাতা কমিটির সহকারী ইনচার্জ করা হয়েছে অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়কে। এছাড়া এই কমিটিতে আহ্বায়ক হিসেবে তাপস রায় এবং সহকারী আহ্বায়ক হিসেবে রীতেশ তিওয়ারিকে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, হাওড়া পুরসভা নির্বাচনের আহ্বায়ক হিসেবে বালির বিধায়ক সঞ্জয় সিংয়ের নাম ঘোষণা করা হয়েছে। রাজনৈতিক মহলের ধারণা, আগামী নভেম্বর মাসের শেষের দিকেই এই দুই পুরনিগমের ভোটগ্রহণ সম্পন্ন হতে পারে। তার আগে সংগঠনের শীর্ষ নেতৃত্বকে ময়দানে নামিয়ে শাসক শিবিরকে কড়া টক্কর দিতে চাইছে গেরুয়া শিবির।
