কালীপুজোর আগেই কি নামছে জমজমাট ঠান্ডা? আবহাওয়ার আমূল পরিবর্তনে বড় আপডেট! – এবেলা

এবেলা ডেস্কঃ
বুধবার ভোর থেকেই কলকাতার একাধিক এলাকায় শুরু হয়েছে বৃষ্টি, তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আজ থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড়সড় বদল আসতে চলেছে। ওঙ্গলের কাছে আছড়ে পড়া ঘূর্ণিঝড় ‘মুরাসু’ শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হওয়ায় রাজ্যে আবহাওয়া ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করবে। ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা না থাকলেও কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতেও বৃষ্টি হতে পারে, তবে বাকি জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্কই থাকবে।
এই বৃষ্টির পরেই রাজ্যজুড়ে তাপমাত্রা ধীরে ধীরে নিম্নমুখী হওয়ার ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী কয়েকদিনে রাতের সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে, যার ফলে রাতের দিকে হালকা ঠান্ডার পরশ মিলবে। তবে শীতের আগমন নিয়ে এখনই নিশ্চিত বার্তা না থাকলেও কালীপুজোর দিনগুলিতে ফের বৃষ্টির সম্ভাবনা প্রকাশ করেছে আবহাওয়া অফিস। ফলে পুজোয় মেঘলা আবহাওয়া ও তাপমাত্রা হ্রাসের জোড়া মেজাজ দেখতে চলেছেন সাধারণ মানুষ।
