“কিষেণজি আমাদের কমরেডদের মেরেছে”, যাদবপুরের বিতর্কিত দেওয়াল লিখন নিয়ে সুর চড়ালো SFI – এবেলা

“কিষেণজি আমাদের কমরেডদের মেরেছে”, যাদবপুরের বিতর্কিত দেওয়াল লিখন নিয়ে সুর চড়ালো SFI – এবেলা

এবেলা ডেস্কঃ

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়াল লিখনকে কেন্দ্র করে আবারও নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। ক্যাম্পাসের দেওয়ালে ‘রেড স্যালুট কিষেণজি’ কিংবা ‘কাশ্মীর মাঙ্গে আজাদি’-র মতো স্লোগান লেখা নিয়ে সম্প্রতি রাজ্য রাজনীতি উত্তাল হয়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যাদবপুরকে ‘দেশবিরোধীদের আখড়া’ বলে তোপ দেগে ক্যাম্পাসের এসব দেওয়াল লিখন মুছে ফেলার নির্দেশ দেন। দেওয়াল মোছা হলেও রাতারাতি ফের সেখানে কার্ল মার্ক্সের উক্তি ও অন্যান্য বিতর্কিত স্লোগান ফিরে আসে।

এই পরিস্থিতিতে মাওবাদী নেতা কিষেণজিকে শ্রদ্ধা জানানো সংক্রান্ত স্লোগানের তীব্র বিরোধিতা করেছে বাম ছাত্র সংগঠন SFI। সায়েন্স ফ্যাকাল্টির SFI ইউনিট সেক্রেটারি অ্যাঞ্জেল দাস স্পষ্ট জানান, “আমরা কোনোদিনই কিষেণজিকে স্যালুট জানানো সমর্থন করি না। কারণ মাওবাদীরা আমাদের অনেক কমরেডকে হত্যা করেছে।” একই সঙ্গে তিনি অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীই একসময় মাওবাদীদের প্রশ্রয় দিয়ে বাংলায় শক্ত ঘাঁটি গাড়তে সাহায্য করেছিলেন।

অতি-বাম সংগঠনগুলির (যেমন DSO বা AISA) সঙ্গে SFI-এর মতাদর্শগত পার্থক্যের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি জানান, SFI রাষ্ট্রের ভেতরে থেকে গণতান্ত্রিক উপায়ে পরিবর্তনের পক্ষে, রাষ্ট্রবিরোধী হিংসায় বিশ্বাসী নয়। অন্যদিকে, বিষয়টি নিয়ে পালটা তোপ দেগেছে ABVP। তাদের দাবি, যাদবপুর একসময় মাওবাদীদের মূল কেন্দ্রে পরিণত হয়েছিল এবং তথাকথিত বাম ছাত্র সংগঠনগুলিই এসব বিচ্ছিন্নতাবাদী শক্তিকে মদত দিয়ে আসছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *