কোটি কোটি টাকার হিসাব উধাও, মোদি সরকারের ১৫ মন্ত্রকের কীর্তি ফাঁস!

সংসদে পেশ করা কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (ক্যাগ)-এর সাম্প্রতিক রিপোর্টে কেন্দ্রীয় সরকারের আর্থিক স্বচ্ছতা নিয়ে উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। রিপোর্টে দেখা গেছে, দেশের ১৫টি কেন্দ্রীয় মন্ত্রক বিভিন্ন প্রকল্পে বরাদ্দ ৫৪,২৮২.৩২ কোটি টাকা খরচের কোনো হিসাব বা ইউটিলাইজেশন সার্টিফিকেট (ইউসি) জমা দেয়নি। নিয়ম অনুযায়ী, অর্থবর্ষ শেষ হওয়ার ১২ মাসের মধ্যে এই হিসাব জমা দেওয়ার কথা থাকলেও তা বছরের পর বছর ধরে অমান্য করা হয়েছে। এর মধ্যে কেবল ২০২১-২২ থেকে ২০২৩-২৪—এই তিন অর্থবর্ষেই ৩৮,২৮৭.৫২ কোটি টাকার ইউসি জমা পড়েনি।
আর্থিক হিসাব না দেওয়ার তালিকায় শীর্ষে রয়েছে কেন্দ্রীয় আবাসন ও শহুরে কার্য মন্ত্রক (১৮,২৭২.৯১ কোটি টাকা) এবং উচ্চশিক্ষা মন্ত্রক (১৪,৩৫৯.৭৬ কোটি টাকা)। এছাড়া আয়কর বিভাগ ও পরমাণু শক্তি বিভাগও এই তালিকায় রয়েছে। রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, ১২,৭৫৪.৪৭ কোটি টাকা বরাদ্দ খাতের বাইরে অন্য খাতে খরচ করা হয়েছে এবং ৪,০১১.৯১ কোটি টাকার আয়কর বহির্ভূত খরচ ভুলভাবে দেখানো হয়েছে। পাশাপাশি, ‘প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা নিধি’ ও ‘প্রারম্ভিক শিক্ষা কোষ’ বাবদ সংগৃহীত ৯,২২২ কোটি টাকা সরকারি রাজকোষে জমা পড়েনি বলেও ক্যাগ রিপোর্টে জানানো হয়েছে।
