খাস কলকাতায় নাবালিকা নিখোঁজের ঘটনায় শোরগোল, ওসির শাস্তি শুনে চমকে উঠবেন আপনিও – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতায় নাবালিকা নিখোঁজের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে আসায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। কড়েয়া থানা এলাকার আয়রন সাইড রোডের এক নাবালিকা বাড়ি থেকে নিখোঁজ হওয়ার পর পুলিশের ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে। মেয়েকে খুঁজে না পেয়ে ওইদিনই থানায় মৌখিক অভিযোগ দায়ের করেন নিখোঁজের বাবা। তবে অভিযোগ পাওয়ার পর প্রায় ২২ ঘণ্টা সময় পার করে এফআইআর রুজু করে কড়েয়া থানার পুলিশ। লালবাজারের অভ্যন্তরীণ তদন্তে এই চরম গাফিলতি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায়।
এই ঘটনায় কড়েয়া থানার ওসির বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে লালবাজার কর্তৃপক্ষ। তদন্তে নিজের ভুল স্বীকার করে নেওয়ার পর ওসির একটি ইনক্রিমেন্ট বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। লালবাজার সূত্রে খবর, শো-কজের উত্তর সন্তোষজনক না হওয়ায় তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছিল। অবশেষে বৃহস্পতিবার একটি নির্দেশিকা জারি করে কড়েয়া থানার ওসিকে গোয়েন্দা বিভাগে বদলি করা হয়েছে। খাস কলকাতার বুকে পুলিশের এমন উদাসীনতায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
