গরমে চরম স্বস্তি! মাত্র ৩৯ টাকায় এসি বাসে যাতায়াত, কলকাতায় চালু হলো ‘যাত্রী সাথী’ শাটল – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতার নিত্যযাত্রী এবং আইটি পেশাদারদের জন্য দুর্দান্ত খবর! শহরের যাতায়াত ব্যবস্থায় বড় বদল আনতে বিশেষ এসি শাটল বাস পরিষেবা চালু করল অনলাইন ক্যাব বুকিং প্ল্যাটফর্ম ‘যাত্রী সাথী’। রাজ্য পরিবহণ দফতরের এই উদ্যোগে এখন থেকে নামমাত্র খরচে শীতাতপ নিয়ন্ত্রিত বাসে চেপে আরামে গন্তব্যে পৌঁছানো যাবে।
রুটের সময়সীমা ও বিস্তারিত
সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত টানা ১২ ঘণ্টা মিলবে এই পরিষেবা। বর্তমানে মূলত সল্টলেক ও নিউটাউনমুখী বেশ কয়েকটি ব্যস্ত রুটে বাসগুলি চালু করা হয়েছে:
বালি ── সল্টলেক সেক্টর ফাইভ
ব্যারাকপুর ── সল্টলেক সেক্টর ফাইভ
শ্রীরামপুর ── সল্টলেক সেক্টর ফাইভ
সোনারপুর ── নিউটাউন
গড়িয়া ── সায়েন্স সিটি
হাওড়া স্টেশন ── এসপ্ল্যানেড
ভবিষ্যৎ পরিকল্পনা: যাত্রীদের সুবিধার কথা ভেবে খুব শীঘ্রই বেহালা ও গড়িয়ার অন্যান্য এলাকাতেও এই পরিষেবা সম্প্রসারণের উদ্যোগ নিচ্ছে প্রশাসন।
জলর দরে এসি বাস সফর!
পিক আওয়ারে ক্যাবের চড়া ভাড়া বা বাসের ভিড় থেকে মুক্তি দিতে ভাড়ার তালিকা রাখা হয়েছে সবার সাধ্যের মধ্যে:
প্রথম ট্রিপের ভাড়া: মাত্র ৩৯ টাকা।
সর্বোচ্চ ভাড়া: যেকোনো দীর্ঘ রুটের জন্য সর্বোচ্চ ভাড়া ৬৯ টাকা।
সুরক্ষায় আধুনিক প্রযুক্তি
মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যাত্রা নিরাপদ করতে এই শাটল বাসগুলোতে রয়েছে বিশেষ ব্যবস্থা:
প্রতিটি বাসে বসানো হয়েছে সিসিটিভি (CCTV) ক্যামেরা।
থাকছে জিপিএস (GPS) ট্র্যাকিং ব্যবস্থা, যার মাধ্যমে ‘যাত্রী সাথী’ অ্যাপ থেকেই বাসের লাইভ লোকেশন দেখা যাবে।
গত জুলাই মাসে পরীক্ষামূলকভাবে চালু হয়ে ব্যাপক সাফল্য পাওয়ার পর, এবার পুরো দমে কলকাতা ও শহরতলির মানুষের জন্য যাত্রা শুরু করল ‘যাত্রী সাথী’-র এই এসি শাটল সার্ভিস।
