গ্রেফতারির পর ধুন্ধুমার, জলহাটির তৃণমূল নেতা তীর্থঙ্কর ঘোষকে লক্ষ্য করে ডিমের বৃষ্টি ও ‘চোর’ স্লোগান – এবেলা

এবেলা ডেস্কঃ
আর্থিক প্রতারণা, তোলাবাজি, হুমকি এবং রাজনৈতিক হিংসার একাধিক গুরুতর অভিযোগে জলহাটির তৃণমূল নেতা তীর্থঙ্কর ঘোষকে গ্রেফতার করেছে খড়দহ থানার পুলিশ। খড়দহের প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ছেলে তথা সাম্প্রতিক নির্বাচনে পরাজিত এই নেতার গ্রেফতারির খবর ছড়িয়ে পড়তেই রবিবার রাতে থানা চত্বরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। ক্ষুব্ধ বিজেপি কর্মী-সমর্থকেরা থানার সামনে ভিড় জমিয়ে ঢাক-ঢোল বাজিয়ে উল্লাসে মেতে ওঠেন। পরিস্থিতি চরম আকার ধারণ করে যখন পুলিশ তীর্থঙ্করকে প্রিজন ভ্যানে তোলার চেষ্টা করে।
সেই সময় উত্তেজিত জনতা তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়ে এবং ‘চোর চোর’ স্লোগানে চারপাশ কাঁপিয়ে তোলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে খড়দহ থানা চত্বরে দ্রুত অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করে কড়া নিরাপত্তা বলয় তৈরি করতে হয়। এরপর সোমবার সকালে কড়া পাহারায় তাঁকে আদালতে পেশ করার জন্য নিয়ে যাওয়ার সময়ও ফের একই রকম বিক্ষোভের পুনরাবৃত্তি ঘটে। আবারও ওই তৃণমূল নেতাকে লক্ষ্য করে ডিম ছোড়া হলে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাঁকে আদালতের উদ্দেশ্যে নিয়ে যায়।
