ঘুমের ঘোরে যমজ কন্যাসন্তানকে গলা কেটে খুন, হায়েনার রূপ নিলেন বাবা!

উত্তর প্রদেশের কানপুরে গভীর রাতে দুই ঘুমন্ত যমজ কন্যা সন্তানকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও শোকের সৃষ্টি হয়েছে। ঘটনার পরপরই পুলিশ অভিযুক্ত বাবাকে গ্রেফতার করেছে এবং মৃতদেহ দুটি ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, দীর্ঘদিনের পারিবারিক অশান্তি এবং স্ত্রীর প্রতি অহেতুক সন্দেহের জেরে এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
অভিযুক্ত ব্যক্তির স্ত্রী রেশমার অভিযোগ অনুযায়ী, নেশাগ্রস্ত স্বামী দীর্ঘদিন ধরেই তার ওপর শারীরিক নির্যাতন চালিয়ে আসছিল। সন্দেহের বশবর্তী হয়ে বাড়িতে সিসিটিভি ক্যামেরা বসিয়ে তিনি স্ত্রীর ওপর নজরদারি চালাতেন। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ঘটনার রাত আড়াইটা নাগাদ অভিযুক্ত ব্যক্তি এক কন্যাকে বাথরুমে নিয়ে যায় এবং পরবর্তীতে দুই সন্তানকে হত্যা করে। বর্তমানে পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে এবং এই হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা সুনির্দিষ্ট কারণ ও পরিকল্পনা নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে।
