চণ্ডীতলায় আক্রান্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়, প্রতিবাদে রাস্তায় লুটিয়ে পড়লেন তৃণমূল সাংসদ – এবেলা

চণ্ডীতলায় আক্রান্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়, প্রতিবাদে রাস্তায় লুটিয়ে পড়লেন তৃণমূল সাংসদ – এবেলা

এবেলা ডেস্কঃ

শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার অভিযোগ উঠল চণ্ডীতলায়। শনিবার দুপুরে চণ্ডীতলা থানায় ডেপুটেশন জমা দিতে যাওয়ার পথে এই ঘটনা ঘটে। পাথর বা বল জাতীয় কিছু ছুড়ে তাঁকে লক্ষ্য করে আক্রমণ চালানো হয়েছে বলে দাবি সাংসদের। মাথায় আঘাত পাওয়ার পর যন্ত্রণায় তাঁকে রাস্তার ওপর লুটিয়ে পড়তে দেখা যায়। ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর আক্রমণের প্রতিবাদে এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের নিয়ে থানায় যাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় রাস্তার পাশে থাকা একদল মানুষ তাঁকে ঘিরে ‘চোর’ স্লোগান দিতে শুরু করেন। তখনই আকস্মিক এই হামলার ঘটনা ঘটে। সাংসদের অভিযোগ, পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেই বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাঁর ওপর চড়াও হয়েছে। ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েন। পুলিশ আধিকারিকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আশ্বাস দিয়ে অভিযোগ দায়ের করার কথা জানিয়েছেন।

সাংসদ দাবি করেছেন, গুরুতর জখম অবস্থায় তিনি এখন যন্ত্রণায় কাতর। তবে বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। গেরুয়া শিবিরের দাবি, কল্যাণ বন্দ্যোপাধ্যায় আহত হননি, বরং রাজনৈতিক সুবিধা নিতে তিনি নাটক করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘটনার পর লাইমলাইট নিজের দিকে টানতেই সাংসদ এই কৌশল নিয়েছেন বলে দাবি করেছে বিরোধী দল। ঘটনার পর এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং পুলিশ ভিডিও ফুটেজ দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার প্রক্রিয়া শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *