চিনের কাঁধে ভর দিয়ে চাঁদে যাচ্ছে পাকিস্তান! চন্দ্রপৃষ্ঠে নামবে ‘জিন্না-১’ – এবেলা

এবেলা ডেস্কঃ
ঋণে জর্জরিত পাকিস্তান মহাকাশ গবেষণায় বড় পদক্ষেপ করার প্রস্তুতি নিচ্ছে। পরিকল্পনা অনুযায়ী, আগামী ২০২৯ সালে চিনের সহায়তায় চাঁদে নিজেদের প্রথম রোভার ‘জিন্না-১’ পাঠাতে চলেছে প্রতিবেশী দেশটি। পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা সুপারকো এখনও পর্যন্ত নিজস্ব প্রযুক্তিতে কোনো উপগ্রহ মহাকাশে পাঠাতে পারেনি। তাই চিনের ‘চ্যাং-ই-৮’ মিশনের ওপর ভর করেই এই চন্দ্রাভিযান সফল করতে চাইছে তারা। চিনের কাঁধে ভর দিয়ে চাঁদের মাটিতে নামার এই পরিকল্পনা আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
চাঁদের দক্ষিণ মেরুতে রোবটিক ল্যান্ডার ও রোভার নামিয়ে প্রথম ইতিহাস গড়েছিল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। এবার সেই পথ ধরেই চাঁদের দক্ষিণ মেরুর কাছাকাছি এলাকায় বৈজ্ঞানিক গবেষণা চালাতে চায় পাকিস্তান। দেশটির মহাকাশ সংস্থার দাবি, চার হাজার নামের মধ্য থেকে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলি জিন্নার নামানুসারে এই রোভারের নামকরণ করা হয়েছে। তবে নিজস্ব সামর্থ্যের বদলে সম্পূর্ণরূপে চিনের ওপর নির্ভরশীল হয়ে এই মহাকাশ জয় কতটা ফলপ্রসূ হবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
