চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে ৪ লাখ লুট! ৩০ মিনিটেই কুপোকাত ডাকাত – এবেলা
এবেলা ডেস্কঃ
September 12, 20265:33 pm
গ্রাহক সেজে ব্যাঙ্কে ঢুকে ব্যাঙ্ককর্মীদের চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে প্রায় ৪ লক্ষ টাকা লুট করল এক যুবক। তবে শেষরক্ষা হয়নি; সিসিটিভি ফুটেজের সাহায্য নিয়ে ঘটনার মাত্র ৩০ মিনিটের মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাগপুরের স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (SBI)-র একটি শাখায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাধারণ দিনের মতোই ব্যাঙ্কে কাজকর্ম চলছিল। সেই সময় এক যুবক গ্রাহক সেজে ভিতরে প্রবেশ করে এবং সোজা ক্যাশ কাউন্টারের দিকে এগিয়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই সে কাউন্টারে থাকা ব্যাঙ্ককর্মীদের চোখে-মুখে আচমকা লঙ্কার গুঁড়ো ছুড়ে মারে। চোখে তীব্র জ্বালা ও যন্ত্রণায় কর্মীরা ছটফট করতে শুরু করলে ব্যাঙ্কের ভেতরে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে ক্যাশ কাউন্টার থেকে নগদ প্রায় ৪ লক্ষ টাকা ব্যাগে ভরে চম্পট দেয় ওই দুষ্কৃতী।
লুটের সমস্ত দৃশ্য ব্যাঙ্কের সিসিটিভি ক্যামেরায় স্পষ্ট ধরা পড়ে। ঘটনার খবর পেয়েই সাক্কারদারা থানার পুলিশ ব্যাঙ্কের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দ্রুত অভিযানে নামে। ফুটেজের সূত্র ধরে অত্যন্ত তৎপরতার সঙ্গে ঘটনার আধ ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
ধৃত যুবকের নাম সুরজ ভোজরাজ বোরকর (২৮)। সে নাগপুরেরই একটি গ্রামীণ এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, ধৃতের কাছ থেকে লুট হওয়া সম্পূর্ণ ৪ লক্ষ টাকাই উদ্ধার করা সম্ভব হয়েছে। ঠিক কী কারণে সে এই লুটের পরিকল্পনা করেছিল এবং এই ঘটনার পেছনে আর কোনো চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চালাচ্ছে পুলিশ।
