চোখ ধাঁধানো চমক! ‘কেজিএফ’-‘কান্তারা’র প্রযোজনা সংস্থার হাতে হাত মেলাল বাংলার কোন সুপারহিট ছবি? – এবেলা

এবেলা ডেস্কঃ
‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ ছবির সাফল্যকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দিতে এবার বড় পদক্ষেপ নিল দেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রযোজনা সংস্থা হোমবেল ফিল্মস। চব্বিশ সালের পুজোর বক্স অফিসে ঝড় তোলা নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘বহুরূপী’ ফ্র্যাঞ্চাইজির এই নতুন অধ্যায় ঘিরে দর্শকদের উন্মাদনা এখন তুঙ্গে। যিশু সেনগুপ্ত এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের জমজমাট দ্বৈরথ দেখতে মুখিয়ে রয়েছে সিনেমাপ্রেমীরা। ইতিপূর্বে টিজার ও ট্রেলারে ছবির দুর্দান্ত সিনেশৈলী নজর কেড়েছিল, যা মুক্তির আগেই প্রত্যাশার পারদ বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
এবার ‘কেজিএফ’ এবং ‘কান্তারা’-র মতো ব্লকবাস্টার সিনেমার সুপরিচিত প্রযোজনা সংস্থা হোমবেল ফিল্মস আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল যে, তারা এই সফল ফ্র্যাঞ্চাইজিটিকে আন্তর্জাতিক দর্শকমহলের দরবারে পৌঁছে দেবে। বাংলার গণ্ডি পেরিয়ে জাতীয় ও বৈশ্বিক স্তরে সিনেমাটির এই বিরাট বিস্তার বক্স অফিসে এক নতুন ইতিহাস গড়ার ইঙ্গিত দিচ্ছে। নির্মাতাদের এই যুগান্তকারী পদক্ষেপে পুজোর বাজারে ‘বহুরূপী’দের ডাকাতি যে আরও ব্যাপক ও জমজমাট হতে চলেছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।
