চোরাচালান ও অনুপ্রবেশের দিন কি তবে শেষ! সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে বড় পদক্ষেপ প্রশাসনের – এবেলা

এবেলা ডেস্কঃ
ভারত-বাংলাদেশ সীমান্ত নিরাপত্তা সুদৃঢ় করার পথে এক ঐতিহাসিক মাইলফলক ছুঁল মুর্শিদাবাদ জেলা প্রশাসন। ‘ইন্ডো-বাংলাদেশ বর্ডার রোডস’ এবং ‘ইন্ডো-বাংলাদেশ বর্ডার ফেন্সিং’ প্রকল্পের জন্য প্রয়োজনীয় সমস্ত জমি আনুষ্ঠানিকভাবে সীমান্ত রক্ষী বাহিনীর (BSF) হাতে তুলে দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের তরফে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে জেলা শাসক আর. অর্জুন এই তাৎপর্যপূর্ণ সাফল্যের কথা নিশ্চিত করেছেন। প্রশাসন সূত্রে জানা গেছে, সীমান্ত বরাবর কাঁটাতারের বেড়া এবং সীমান্ত সড়ক নির্মাণের জন্য মোট ৪৮.৯০৫ কিলোমিটার দৈর্ঘ্যের ৩৬২ একরেরও বেশি জমি বিএসএফ-কে হস্তান্তরের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল।
এর আগে একাধিক দফায় জমি হস্তান্তরের কাজ হলেও শেষ পর্যায়ে চর চন্দনপুর এবং হাজরাহাটি মীরগঞ্জ মৌজার বাকি থাকা জমি ‘রাইট অব পজেশন’-এর মাধ্যমে বিএসএফ-কে বুঝিয়ে দেওয়া হয়। রাজ্য সরকারের নির্দেশিকা মেনে বিএসএফ-এর চাহিদা অনুযায়ী মুর্শিদাবাদের আওতাধীন সম্পূর্ণ জমি হস্তান্তর প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হওয়ায়, এতদিন ধরে থমকে থাকা আন্তর্জাতিক সীমান্ত সড়ক ও বেড়া নির্মাণের কাজ এবার দ্রুত গতিতে শেষ হবে। ওয়াকিবহাল মহলের মতে, এই পদক্ষেপের ফলে সীমান্ত এলাকায় অনুপ্রবেশ, চোরাচালান ও অন্যান্য অসামাজিক কার্যকলাপ রোখা বহুলাংশে সহজ হবে এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থার আরও উন্নতি ঘটবে।
