ছবির বিকৃতি ঘিরে হুলস্থুল! কলকাতা মেডিকেলের কোয়ার্টারে ধুন্ধুমার, সংজ্ঞাহীন মহিলা কর্মী – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের কর্মী আবাসনে প্রতিবেশী যুবকের সঙ্গে তীব্র বচসা ও ধাক্কাধাক্কির জেরে এক চুক্তিভিত্তিক মহিলা কর্মী অসুস্থ হয়ে পড়েছেন। সংজ্ঞাহীন অবস্থায় তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। খবর ছড়িয়ে পড়তেই শুরুতে এলাকায় আত্মহত্যার গুজব ছড়ায়, যা ঘিরে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকা ওই মহিলার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে।
ঘটনার তদন্তে নেমে বউবাজার থানার পুলিশ জানতে পেরেছে, গোলমালের সূত্রপাত একটি বিকৃত ছবিকে কেন্দ্র করে। সম্প্রতি মুচিপাড়া এলাকায় এক জন্মদিনের অনুষ্ঠানে গিয়েছিলেন ওই মহিলা। অভিযোগ, সেই অনুষ্ঠানের ছবি বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তাঁরই এক প্রতিবেশী যুবক। বিষয়টি নিয়ে দু’পক্ষের মধ্যে কথাকাটাকাটি চরমে উঠলে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয় এবং মহিলাটি মাটিতে পড়ে অসুস্থ হয়ে পড়েন। ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
