টালিগঞ্জের কলেজে ১০০ কোটির দুর্নীতি! প্রাক্তন বাম নেতার গ্রেপ্তারি চেয়ে বিধানসভায় সরব পাপিয়া অধিকারী – এবেলা

এবেলা ডেস্কঃ
টালিগঞ্জ প্রতিনিধি: টালিগঞ্জের একটি নামী প্রকৌশলী কলেজে কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতি নিয়ে এবার সরগরম রাজ্য রাজনীতি। কয়েক বছর আগে সামনে আসা এই দুর্নীতি মামলায় এবার সিপিএমের প্রাক্তন নেতার গ্রেপ্তারের দাবি তুললেন টালিগঞ্জের বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী। বিধানসভার বাজেট অধিবেশনে এই প্রসঙ্গ তুলে রাজ্যজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছেন তিনি।
বিধানসভার বাজেট অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক পাপিয়া অধিকারী জানান, ২০০৩ সালে পথ চলা শুরু করা টালিগঞ্জের ক্যালকাটা ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং কলেজে আনুমানিক ১০০ কোটি টাকার আর্থিক গরমিল ও তছরুপ হয়েছে। এই বিশাল অঙ্কের দুর্নীতির নেপথ্যে থাকা কলেজ পরিচালনা সমিতির তৎকালীন সম্পাদক গৌতমকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান তিনি। বিধায়কের মতে, তাঁকে গ্রেপ্তার করলেই তবে কলেজটি এই সংকট থেকে রক্ষা পাবে।
দলীয় সূত্রে জানা গেছে, ওই কলেজ কেলেঙ্কারির ঘটনা প্রকাশ্যে আসার পরই ঘটনার তদন্তে একটি অভ্যন্তরীণ কমিশন গঠন করেছিল রাজ্য সিপিএম। তদন্ত রিপোর্টের ভিত্তিতেই গৌতম ও পার্থ নামের দুই বাম নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। প্রয়াত সিপিএম নেতা প্রশান্ত কুমারের অত্যন্ত ঘনিষ্ট হিসেবে পরিচিত গৌতম বহিষ্কারের সময় টালিগঞ্জ-১ এরিয়া কমিটির সম্পাদক পদে আসীন ছিলেন।
এদিন বিধানসভায় দাঁড়িয়ে অভিযুক্ত নেতার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগের ফিরিস্তি তুলে ধরেন পাপিয়া। তিনি অভিযোগ করেন, কলেজের সাধারণ কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডের (PF) টাকা জমা দেওয়া হয়নি এবং অবসরের পরেও কর্মীদের ন্যায্য গ্র্যাচুইটির টাকা আটকে রাখা হয়েছে। তবে বিজেপি বিধায়কের এই দাবির প্রেক্ষিতে রাজনৈতিক মহলের একাংশের মত, যেহেতু অভিযুক্ত নেতাকে আগেই দল বহিষ্কার করেছে, তাই এ বিষয়ে সিপিএমের অন্দরে বিশেষ কোনো অস্বস্তি বা চাঞ্চল্য নেই।
