টিএমসিপির প্রতিষ্ঠা দিবস ঘিরে তুঙ্গে ‘গৃহযুদ্ধ’, মেয়ো রোডের সভা নিয়ে হাইকোর্টে কালীঘাটপন্থী শিবির! – এবেলা

এবেলা ডেস্কঃ
তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবস ঘনিয়ে আসতেই ফের প্রকাশ্যে এল শাসকদলের কঙ্কালসার অভ্যন্তরীণ কোন্দল। আগামী ২৮ অগাস্ট সংগঠনের প্রতিষ্ঠা দিবস উদযাপনে কলকাতার মেয়ো রোডে সভা করার অনুমতি নিয়ে চরম রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে কালীঘাটপন্থী তৃণমূল শিবির এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অনুগামীদের মধ্যে।
একই স্থান, একই দিন: তুঙ্গে সভার জট ঐতিহ্য মেনে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী মূল ধারার তৃণমূল শিবির মেয়ো রোডে বড় আকারের অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে। সেই অনুযায়ী গত ২৭ জুলাই তারা কলকাতা পুলিশের কাছে লিখিত আবেদন জানায়। পরবর্তীতে ৩ ও ৭ অগাস্ট একাধিকবার আবেদনটি নিয়ে দরবার করা হলেও পুলিশের পক্ষ থেকে কোনো স্পষ্ট জবাব না মেলায় ক্ষোভ উগরে দিয়েছে কালীঘাটপন্থী শিবির।
অন্যদিকে, একই দিনে এবং ঠিক একই জায়গায় কর্মসূচি পালনের অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদন জানিয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা। দীর্ঘদিন ধরে মেয়ো রোডই টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের মূল কেন্দ্র হিসেবে চিহ্নিত। ফলে একুশে জুলাইয়ের মতো প্রতিষ্ঠা দিবসেও দুই শিবিরের মুখোমুখি সংঘাত চরম জটিলতার সৃষ্টি করেছে।
আইনি লড়াইয়ে কালীঘাটপন্থী শিবির পুলিশের থেকে কোনো সদুত্তর না পেয়ে শেষ পর্যন্ত সোমবার কলকাতা হাইকোর্টের দরজায় কড়া নেড়েছে কালীঘাটপন্থী টিএমসিপি। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলাকারীর আইনজীবী পুরো বিষয়টি তুলে ধরেন। রাজনৈতিক মহলের এখন একটাই প্রশ্ন—পুলিশ শেষ পর্যন্ত কাদের আবেদন মঞ্জুর করবে? আর আদালতের নির্দেশেই বা এই রাজনৈতিক জটের কী সমাধান বের হয়, সেদিকেই তাকিয়ে সবাই।
