ট্রেনে ঘরে তৈরি খাবার খাওয়া কি এখন দণ্ডনীয় অপরাধ?

ভারতীয় রেলের কামরায় বা স্টেশনে যত্রতত্র ময়লা ফেলার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে রেল কর্তৃপক্ষ। সম্প্রতি পূর্ব রেলের হাওড়া, শিয়ালদহ, আসানসোল ও মালদহ ডিভিশনে এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে একদিনেই ১,৪৭৭টি ক্ষেত্রে মোট ২.৮৯ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। মূলত ট্রেনে বাড়ির খাবার খেয়ে খাবারের প্যাকেট বা অবশিষ্ট অংশ সিটের নিচে ফেলে রাখার প্রবণতা রুখতেই এই কড়া পদক্ষেপ নিয়েছে রেল।
রেল কর্তৃপক্ষের মতে, স্টেশনে বা ট্রেনে আবর্জনা ছড়ানো কেবল পরিবেশের ক্ষতি করে না, এটি রেলের আইন অনুযায়ী একটি শাস্তিযোগ্য অপরাধ। সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিচালিত এই অভিযানের অংশ হিসেবে ইতোমধ্যে অসাধু যাত্রীদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। রেল জানিয়েছে, আগামী দিনগুলোতেও এই নজরদারি অব্যাহত থাকবে এবং প্ল্যাটফর্ম বা ট্রেনের কামরা নোংরা করলে যাত্রীদের মোটা অঙ্কের জরিমানা গুনতে হবে।
