ট্রেনে মোবাইল চুরির পর ব্যাঙ্ক থেকে উধাও টাকা, রহস্যভেদে বড় সাফল্য পুলিশের!
April 19, 2026

চলন্ত ট্রেনে মোবাইল চুরির পর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে হাতিয়ে নেওয়া প্রায় ৪০ হাজার টাকা উদ্ধার করেছে পূর্ব বর্ধমানের মঙ্গলকোট থানার পুলিশ। উড়িষ্যাগামী ট্রেনে যাতায়াতের সময় পরিযায়ী শ্রমিক সন্দীপ ভারুইয়ের মোবাইল চুরি হলে, তাঁর অ্যাকাউন্ট থেকে ধাপে ধাপে ৩৯ হাজার ৯৯৮ টাকা সরিয়ে ফেলে দুষ্কৃতীরা। অভিযোগ পাওয়ার পর জেলা পুলিশের সাইবার উইংয়ের সহযোগিতায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে তদন্তে নামে পুলিশ।
তদন্তে নেমে পুলিশ জানতে পারে, চুরি যাওয়া টাকা তিনটি ভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছে। এরপর দ্রুত সেই অ্যাকাউন্টগুলি চিহ্নিত করে টাকা ফেরানোর আইনি প্রক্রিয়া শুরু করে প্রশাসন। মঙ্গলবার মঙ্গলকোট থানায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উদ্ধার হওয়া সম্পূর্ণ টাকা অভিযোগকারীর পরিবারের হাতে তুলে দেন জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।
