ট্রেন বা স্টেশনে নোংরা ফেললেই ১০০০ টাকা জরিমানা! ভারতীয় রেলের কড়া নির্দেশ – এবেলা

ট্রেন বা স্টেশনে নোংরা ফেললেই ১০০০ টাকা জরিমানা! ভারতীয় রেলের কড়া নির্দেশ – এবেলা

এবেলা ডেস্কঃ

ট্রেন ও স্টেশন পরিষ্কার রাখতে কড়া ভারতীয় রেল: ময়লা ফেললেই গুনতে হবে ১০০০ টাকা, অস্বীকার করলে সোজা আদালত

কলকাতা: ট্রেনে যাত্রা করার সময় খালি খাবারের প্যাকেট সিটের নিচে ফেলে দেওয়া বা প্ল্যাটফর্মে চায়ের কাপ ও পানীয়র বোতল যত্রতত্র ছুড়ে ফেলার অভ্যাস থাকলে এবার অবিলম্বে তা বদলে ফেলুন। রেল চত্বরে পরিচ্ছন্নতা বজায় রাখতে শাস্তির নিয়ম অত্যন্ত কঠোর করেছে ভারতীয় রেল। এখন থেকে ট্রেন বা স্টেশনে আবর্জনা ফেললে ৫০০ টাকার বদলে সরাসরি ১০০০ টাকা জরিমানা করা হবে।

সম্প্রতি রেল মন্ত্রকের জারিকৃত ‘ইন্ডিয়ান রেলওয়েজ (পেনাল্টিজ ফর অ্যাক্টিভিটিজ অ্যাফেক্টিং ক্লিনলিনেস অ্যাট রেলওয়ে প্রেমিসেস) সংশোধনী আইন ২০২৬’-এর বিজ্ঞপ্তি অনুযায়ী ২০১২ সালের পুরোনো নিয়ম পরিবর্তন করা হয়েছে। নতুন এই নিয়ম বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকেই দেশজুড়ে কার্যকর হয়ে গিয়েছে।

কোন কোন কাজের জন্য জরিমানা দিতে হবে? শুধু নোংরা বা আবর্জনা ফেলাই নয়, রেলের জমিতে ও ট্রেনে একাধিক কাজের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে:

  • ট্রেনের কামরায় বা স্টেশনে নোংরা ও প্লাস্টিকের বোতল/কাপ ফেলে রাখা।
  • নির্দিষ্ট জায়গা ছাড়া রান্না করা, স্নান করা, কাপড় বা বাসন ধোয়া এবং গাড়ি ধোয়া।
  • যেখানে-সেখানে থুতু ফেলা, প্রক্ষালণ (প্রস্রাব-পায়খানা) করা বা পশু-পাখিকে খাবার দেওয়া।
  • অনুমতি ছাড়া রেলের কামরা বা সম্পত্তিতে পোস্টার লাগানো, দেওয়াল লিখন বা ছবি এঁকে তা বিকৃত করা।

বিক্রেতা ও হকারদেরও মানতে হবে নির্দেশ পরিচ্ছন্নতার এই দায়িত্ব কেবল সাধারণ যাত্রীদের নয়। স্টেশনের অনুমোদিত দোকানদার ও হকারদেরও নিজেদের কাছে ডাস্টবিন বা আবর্জনা জমানোর পাত্র রাখতে হবে এবং নির্দিষ্ট নিয়ম মেনে সেই বর্জ্য অপসারণ করতে হবে।

জরিমানা না দিলে দ্বিগুণ শাস্তি স্টেশন মাস্টার, টিকিট পরীক্ষক (TTE), কমার্শিয়াল ও অপারেটিং বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা নিয়ম ভঙ্গকারীদের ধরে ঘটনাস্থলেই ১০০০ টাকা জরিমানা করতে পারবেন। যদি কেউ এই জরিমানা দিতে অস্বীকার করেন, তবে তাঁকে স্থানীয় আদালতে পেশ করা হবে। সে ক্ষেত্রে আদালত সর্বোচ্চ ২০০০ টাকা পর্যন্ত জরিমানা ধার্য করতে পারে।

তাই ট্রেনে যাতায়াতের সময় সতর্ক থাকুন এবং পরিবেশ পরিষ্কার রাখতে সহায়তা করুন!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *