ডাক্তারিতে ভর্তির নামে ২৫ লক্ষ টাকার প্রতারণা! সোদপুরের তরুণীর অভিযোগে তদন্তে পুলিশ – এবেলা

এবেলা ডেস্কঃ
সোদপুর: এমবিবিএস (MBBS) কোর্সে ভর্তি করানোর নাম করে এক তরুণীর কাছ থেকে ২৫ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল দক্ষিণ কলকাতার এক এডুকেশনাল কাউন্সিলিং সংস্থার বিরুদ্ধে। ঘটনাটিকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে সোদপুর এলাকায়। প্রতারিত তরুণী প্রথমে সোদপুরের ঘোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তবে সংস্থাটির কার্যালয় দক্ষিণ কলকাতার লেক থানা এলাকায় অবস্থিত হওয়ায়, ঘোলা থানার পুলিশ একটি ‘জিরো এফআইআর’ (Zero FIR) রুজু করে মামলাটি লেক থানায় হস্তান্তরিত করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারী তরুণীর বাবা রাজ্য সরকারের একজন অবসরপ্রাপ্ত কর্মী। ২০২২ সালে মেয়েকে ডাক্তারি পড়ানোর উদ্দেশ্যে তিনি যোধপুর গার্ডেন এলাকার ওই কাউন্সিলিং সংস্থার সঙ্গে যোগাযোগ করেন। সংস্থার পক্ষ থেকে তরুণীকে রাজ্যের একটি স্বনামধন্য মেডিকেল কলেজে ভর্তি করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। পরবর্তীতে নিউ গড়িয়ার একটি আবাসন কার্যালয়ে সংস্থার কর্তার সঙ্গে দেখা করলে জানানো হয়— নিট (NEET) পরীক্ষায় উত্তীর্ণ হলেই ভর্তির সুব্যবস্থা করা হবে। এমনকী কোনো কারণে ভর্তি করাতে না পারলে সম্পূর্ণ টাকা ফিরিয়ে দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছিল।
অভিযোগকারীর দাবি, মেয়ের মেডিকেলে ভর্তির জন্য তিনি দফায় দফায় মোট ৩৫ লক্ষ টাকা ওই সংস্থাকে দেন। কিন্তু এক বছর কেটে গেলেও ভর্তির কোনো ব্যবস্থা হয়নি। শেষমেশ সংস্থাটি ভর্তি করাতে পারবে না বলে সাফ জানিয়ে দেয়। এরপরই টাকা ফেরত নিয়ে টানাপোড়েন শুরু হয়। কড়া চাপের মুখে তরুণীর বাবা ১০ লক্ষ টাকা ফেরত পেলেও, বাকি ২৫ লক্ষ টাকা ফেরত দিতে অস্বীকার করে সংস্থাটি।
প্রতারিত হয়ে অবশেষে পুলিশের দ্বারস্থ হয় পরিবারটি। তদন্তকারীরা জানিয়েছেন, অভিযুক্ত কাউন্সিলিং সংস্থার কর্ণধারকে তলব করে জিজ্ঞাসাবাদ করা হবে।
