তিলোত্তমায় নজিরবিহীন কূটনৈতিক সংঘাত, রুশ গাড়িকে ঘিরে তুলকালাম কাণ্ড!

কলকাতায় রুশ কনস্যুলেটের গাড়ি থামিয়ে পুলিশের তল্লাশি চালানোর ঘটনায় তীব্র কূটনৈতিক টানাপড়েন তৈরি হয়েছে। ভিয়েনা কনভেনশন ও আন্তর্জাতিক প্রোটোকল লঙ্ঘনের অভিযোগ তুলে দিল্লিতে অবস্থিত রুশ দূতাবাস ভারতের বিদেশ মন্ত্রকের কাছে এ বিষয়ে আনুষ্ঠানিক নালিশ জানিয়েছে। তাদের অভিযোগ, গত ১৪ এপ্রিল শ্যামাপ্রসাদ মুখার্জি রোড ও রাসবিহারী অ্যাভিনিউয়ের সংযোগস্থলে এবং ১৬ এপ্রিল চেতলা ও কালীঘাট রোড ক্রসিংয়ে রুশ কনস্যুলেটের গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হয়েছে। রুশ দূতাবাসের দাবি, গাড়িটিতে কূটনৈতিক মিশনের বিশেষ স্টিকার ও নম্বর প্লেট থাকা সত্ত্বেও পুলিশ এই তল্লাশি চালায়, যা শিষ্টাচারের পরিপন্থী।
নির্বাচনী আবহে শহরজুড়ে চলমান কড়া নাকা চেকিংয়ের অংশ হিসেবে এই তল্লাশি চালানো হলেও, কূটনৈতিক নিয়মের তোয়াক্কা না করায় বিষয়টি আন্তর্জাতিক মহলে ভারতের ভাবমূর্তি ও বন্ধুত্বের সম্পর্কে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। এই ঘটনায় রাজ্য প্রশাসন ও পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছেও বিস্তারিত অভিযোগ পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত রাজ্য প্রশাসন বা কলকাতা পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এখন দেখার বিষয়, রাশিয়ার এই অভিযোগের প্রেক্ষিতে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক কোনো পদক্ষেপ গ্রহণ করে কি না।
