থানায় আত্মসমর্পণ করুন নয়তো ফল ভুগতে হবে, বাঁকুড়া থেকে দুষ্কৃতীদের কড়া বার্তা মোদীর!

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আবহের মধ্যে বাঁকুড়ার বড়জোড়ার জনসভা থেকে তৃণমূল কংগ্রেস এবং স্থানীয় দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোটগ্রহণের আগে আইন অমান্যকারীদের সতর্ক করে তিনি সাফ জানিয়েছেন, সময় থাকতে থানায় গিয়ে আত্মসমর্পণ না করলে এর পরিণাম ভালো হবে না। প্রধানমন্ত্রীর এই মন্তব্যকে কেন্দ্র করে ভোটের মুখে রাজ্যের রাজনৈতিক উত্তাপ অনেকটাই বেড়ে গিয়েছে।
বড়জোড়ার সভা থেকে সিন্ডিকেট ও মাফিয়ারাজের বিরুদ্ধে সরব হয়ে প্রধানমন্ত্রী জানিয়েছেন, ২৯ এপ্রিলের মধ্যে দুষ্কৃতীদের থানায় আত্মসমর্পণ করতে হবে এবং ২৩ তারিখের মধ্যে করলে তা আরও ভালো হবে। ৪ মে বিজেপি ক্ষমতায় এলে কোনো অপরাধীকে রেহাই দেওয়া হবে না বলেও তিনি দাবি করেছেন। পাশাপাশি, বিষ্ণুপুরের কয়লা পাচারকারী ও সিন্ডিকেট চক্রকেও এদিন সরাসরি আক্রমণ করেন তিনি। প্রধানমন্ত্রীর দাবি, পরাজয় নিশ্চিত জেনেই শাসকদলের নেতারা ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা করছেন এবং তাঁর এই হুঁশিয়ারি তৃণমূলের সিন্ডিকেট শাসনমুক্ত বাংলা গড়ার প্রতিশ্রুতিরই অংশ।
