দক্ষিণের রাজনীতিতে মহাপ্রলয়! মোদী-সাঙ্গ ছাড়ছে AIADMK? স্ট্যালিন নাকি বিজয়— কার দিকে পাল্লা ভারী? – এবেলা

দক্ষিণের রাজনীতিতে মহাপ্রলয়! মোদী-সাঙ্গ ছাড়ছে AIADMK? স্ট্যালিন নাকি বিজয়— কার দিকে পাল্লা ভারী? – এবেলা

এবেলা ডেস্কঃ

তামিলনাড়ুর রাজনীতিতে বইছে পরিবর্তনের প্রবল হাওয়া। বিধানসভা নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। এই পরিস্থিতিতে দীর্ঘদিনের সঙ্গী বিজেপির হাত ছেড়ে এনডিএ (NDA) জোট থেকে বেরিয়ে আসার জোরালো প্রস্তুতি নিচ্ছে এআইএডিএমকে (AIADMK)। গত পাঁচ দশকে দক্ষিণ ভারতের এই রাজ্যে এমন জটিল সমীকরণ আগে কখনও দেখা যায়নি।

জোট সমীকরণে নতুন মোড়

নির্বাচনী ফলাফলে অভিনেতা বিজয়ের দল ‘তামিলনাড়ু ভেত্রি কাজাগাম’ (টিভিকে) ১০৮টি আসন জিতে বৃহত্তম শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। ম্যাজিক ফিগার ১১৮ ছুঁতে ব্যর্থ হলেও কংগ্রেসের সমর্থন পাওয়ায় বিজয়ের ঝুলিতে এখন ১১৩ জন বিধায়কের সমর্থন রয়েছে। সরকার গঠনের লক্ষে বিজয় দু’বার রাজ্যপালের সঙ্গে দেখা করলেও, প্রয়োজনীয় ১১৮ জন বিধায়কের তালিকা জমা দিতে না পারায় এখনও মেলেনি চূড়ান্ত অনুমোদন। এই টানাপোড়েনের মাঝেই বিজেপির সঙ্গ ত্যাগের পথে হাঁটছে এআইএডিএমকে। জয়ললিতার মৃত্যুর পর টানা হারের মুখ দেখা দলটি নিজেদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতেই এই কড়া সিদ্ধান্ত নিতে চলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

বিজেপির কৌশল বনাম ভবিষ্যৎ সম্ভাবনা

বিজেপির সঙ্গ ত্যাগ করলে এআইএডিএমকে কার হাত ধরবে, তা নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা। সূত্রের খবর, বিজেপি যে কোনো মূল্যে কংগ্রেসকে ক্ষমতার বাইরে রাখতে চায়। অন্যদিকে, বিজয় তাঁর দলে এআইএডিএমকে-কে নিতে খুব একটা আগ্রহী নন। এই রাজনৈতিক অচলাবস্থায় ডিএমকে-ও বর্তমান পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। একদিকে কংগ্রেসের সমর্থন নিয়ে বিজয়ের ক্ষমতায় আসার চেষ্টা, অন্যদিকে বিজেপির জোট বাঁচানোর মরিয়া লড়াই— সব মিলিয়ে তামিলনাড়ুর ক্ষমতা দখলের লড়াই এখন এক রুদ্ধশ্বাস পর্যায়ে পৌঁছেছে। এআইএডিএমকে-র এই সম্ভাব্য বিচ্ছেদ দক্ষিণ ভারতের রাজনীতিতে বিজেপির শক্তিক্ষয় করবে নাকি নতুন কোনো মেরুকরণ ঘটাবে, এখন সেটাই দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *