দেশদ্রোহিতার ভয় দেখিয়ে ডিজিটাল অ্যারেস্ট! মুহূর্তের ভুলে ৫৩ লক্ষ টাকা খোয়ালেন নিউটাউনের বৃদ্ধ – এবেলা

এবেলা ডেস্কঃ
দেশদ্রোহিতা ও আর্থিক তছরুপের ভুয়ো অভিযোগে নিউটাউনের ৭৭ বছরের এক বৃদ্ধকে ‘ডিজিটাল অ্যারেস্ট’ করল প্রতারকরা। সিবিআই আধিকারিক সেজে তাঁকে ভিডিও কলে গ্রেপ্তারির ভয় দেখানো হয়। এরপর নির্দোষ প্রমাণের টোপ দিয়ে বলা হয়, ব্যাংকের সমস্ত টাকা যাচাইয়ের জন্য পাঠালে তা পরে ফেরত দেওয়া হবে। এই আশ্বাসে বিশ্বাস করে জীবনের সমস্ত সঞ্চয় ভেঙে ৫৩ লক্ষ টাকা প্রতারকদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেন ওই প্রবীণ।
টাকা পাওয়ার পরই ভুয়ো আধিকারিকরা উধাও হয়ে যায়। সর্বস্বান্ত হয়ে মঙ্গলবার বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন ওই বৃদ্ধ, যার ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। সাইবার বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, ভারতীয় আইনে ‘ডিজিটাল অ্যারেস্ট’ বলে কোনো প্রক্রিয়াই নেই। তাই এ ধরনের হুমকি ফোন এলে আতঙ্কিত না হয়ে যেকোনো আর্থিক লেনদেন থেকে সম্পূর্ণ বিরত থাকতে বলা হয়েছে।
