‘ধারা ৩৭০ না উঠলে ভারতের সাথে যুক্ত হতো PoK!’ স্বাধীনতা দিবসে ওমরের মন্তব্য, পাল্টা বিঁধল বিজেপি – এবেলা

এবেলা ডেস্কঃ
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা (ধারা ৩৭০) বাতিল এবং রাজ্যের মর্যাদা প্রত্যাহার নিয়ে কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। শ্রীনগরে আয়োজিত মূল অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে তিনি দাবি করেন, ২০১৯ সালে যদি রাজ্যের পুনর্গঠন না করা হতো, তবে পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের (PoK) মানুষই ভারতের জম্মু ও কাশ্মীরের সঙ্গে যুক্ত হওয়ার জন্য গণঅভ্যুত্থান গড়ে তুলত।
তিনি আরও বলেন, ১৯৪৭ সালে পাকিস্তানের বিরুদ্ধে দাঁড়িয়ে ভারতের অংশ হওয়ার সিদ্ধান্ত যে কতটা সঠিক ছিল, তা PoK-এর বর্তমান সার্বিক পরিস্থিতিই প্রমাণ করে। সেখানকার সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারের লড়াই ও প্রাণহানির ঘটনায় তিনি গভীর সমবেদনা জানান এবং নিজের দাদু শেখ মহম্মদ আবদুল্লার ঐতিহাসিক অবদানের কথা স্মরণ করেন। ওমরের মতে, বিধানসভায় সীমান্তের ওপাশের জন্য যেসব আসন ফাঁকা রাখা হয়েছে, একদিন তা পূর্ণ হওয়ার সম্ভাবনা তৈরি হতো।
ওমর আবদুল্লার এই বক্তব্যকে কেন্দ্র করে জম্মু ও কাশ্মীর রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে। বিধানসভার বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা সুনীল শর্মা একে ‘দায়িত্বজ্ঞানহীন’ মন্তব্য বলে অভিহিত করেছেন। তিনি অভিযোগ করেন, স্বাধীনতা দিবসের মতো জাতীয় উদযাপনের পবিত্র মঞ্চকে ব্যবহার করে মুখ্যমন্ত্রী সস্তা রাজনীতি করছেন।
তবে বিরোধীদের কটাক্ষ সত্ত্বেও ওমর আবদুল্লা স্পষ্ট জানিয়েছেন, জম্মু ও কাশ্মীরের হারিয়ে যাওয়া রাজ্যভিত্তিক অধিকার এবং সমস্ত সাংবিধানিক গ্যারান্টি ফেরাতে তাঁর সরকার শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে।
