‘নির্বাচনী হার ঢাকতে কমিশনকে বলির পাঁঠা করছেন রাহুল!’ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর চাঁচাছোলা আক্রমণ – এবেলা

এবেলা ডেস্কঃ
দলের একের পর এক নির্বাচনী পরাজয়ের দায় নির্বাচন কমিশনের ওপর চাপিয়ে দেশজুড়ে অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী—বৃহস্পতিবার এমনই তীব্র অভিযোগে সরব হলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব। একটি সুস্থ গণতান্ত্রিক ব্যবস্থায় এ ধরনের দায়িত্বজ্ঞানহীন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে তোপ দাগেন তিনি। সেই সঙ্গে নিজের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে রাহুল গান্ধী দেশের প্রধানমন্ত্রীর পদের মর্যাদাকেও ক্ষুণ্ণ করছেন বলে ক্ষোভ প্রকাশ করেন সিএম যাদব।
ভোপালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোহন যাদব বলেন, রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস গত তিনটি লোকসভা নির্বাচনসহ দেশের একাধিক রাজ্য বিধানসভা নির্বাচনে শোচনীয়ভাবে পরাজিত হয়েছে। তবে সেই পরাজয় থেকে শিক্ষা নিয়ে নিজেদের ভুলভ্রান্তি শুধরে নেওয়ার বদলে, কংগ্রেস নেতৃত্ব সরাসরি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন তুলছে। সমস্ত দায় নির্বাচনী ব্যবস্থার ওপর চাপিয়ে দলীয় কর্মীদের মনোবল টিকিয়ে রাখার যে ব্যর্থ চেষ্টা চালানো হচ্ছে, তা আদতে দেশের শক্তিশালী গণতান্ত্রিক কাঠামোর জন্য এক বিপজ্জনক সংকেত।
বিগত তিন দশকের রাজনৈতিক ইতিহাসের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী আরও বলেন, অতীতে জোট সরকারের পর্ব থেকে শুরু করে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তুলে ধরার সময়কার সমীকরণ—সবকিছু বিশ্লেষণ করলেই বোঝা যায় কেন আজ কংগ্রেস সাধারণ মানুষের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। ষড়যোত্র ও অরাজকতার রাজনীতি ছেড়ে কংগ্রেস নেতৃত্বের এখন উচিত নিজেদের সাংগঠনিক ব্যর্থতা ও রাজনৈতিক আচরণ নিয়ে গুরুত্ব দিয়ে আত্মসমালোচনা করা।
