পাঞ্জাব জয়ে কোন বড় কাঁটা হয়ে দাঁড়িয়েছে জেলবন্দি অমৃতপাল? – এবেলা

এবেলা ডেস্কঃ
আগামী বছরের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পাঞ্জাবে নিজেদের রাজনৈতিক সমীকরণ সম্পূর্ণ বদলাতে চলেছে ভারতীয় জনতা পার্টি। এতদিন শিরোমণি অকালি দলের ছোট শরিক হিসেবে কাজ করলেও, এবার আর সেই ভূমিকায় থাকতে নারাজ গেরুয়া শিবির। শহুরে এলাকার পাশাপাশি রাজ্যের গ্রামীণ ভোটব্যাঙ্কে নিজেদের শক্ত ঘাঁটি তৈরি করতে মাস্টারপ্ল্যান ছকে ফেলেছেন অমিত শাহরা। অকালি দলের পুরানো কৌশল ভেঙে গ্রামের ভোটারদের মন জয় করতে মাদক মুক্তি আন্দোলন এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের প্রচারকে হাতিয়ার করতে চাইছে দল। রাজ্যের ১১৭টি আসনেই এই নতুন রণকৌশল বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে বিজেপির।
তবে বিজেপির এই গ্রামীণ ছক বাস্তবায়নের পথে সবচেয়ে বড় বাধা হয়ে উঠতে পারেন খলিস্তানপন্থী তরুণ নেতা অমৃতপাল সিং। গ্রামীণ পাঞ্জাবে, বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় তাঁর ব্যাপক প্রভাব রয়েছে। বর্তমানে জাতীয় নিরাপত্তা আইনে ডিব্রুগড় জেলে বন্দি থাকলেও, গত লোকসভা নির্বাচনে কারাগার থেকেই বিপুল ভোটে জয়ী হন তিনি। তাঁর সংগঠন ‘ওয়ারিশ পাঞ্জাব দে’-এর মাদকবিরোধী এবং উগ্রপন্থী প্রচার গ্রামীণ যুবসমাজকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অকালি দলের প্রভাব খর্ব করে গ্রামীণ পাঞ্জাবের নিয়ন্ত্রণ নিতে হলে বিজেপিকে মূলত এই তরুণ নেতার প্রভাব এবং জনপ্রিয়তার বড় চ্যালেঞ্জের মুখেই পড়তে হবে।
