পান মশলার প্যাকেজিংয়ে বড় ধাক্কা! নিষিদ্ধ প্লাস্টিক ও অ্যালুমিনিয়াম ফয়েল – এবেলা

এবেলা ডেস্কঃ
পান মশলা প্রস্তুতকারকদের জন্য কঠোর নিয়ম এনে বড় পদক্ষেপ করল ভারতের খাদ্য নিরাপত্তা ও মান নিয়ন্ত্রক সংস্থা (FSSAI)। নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে পান মশলা প্যাকেটজাত করার ক্ষেত্রে প্লাস্টিক, অ্যালুমিনিয়াম ফয়েল কিংবা কোনো ধরনের ধাতব স্তর ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। খাদ্য নিরাপত্তা সংক্রান্ত প্যাকেজিং বিধি, ২০১৮-তে এই সংশোধনী এনে অনুমোদিত উপকরণের তালিকা নতুন করে তৈরি করা হয়েছে।
সংশোধিত নিয়ম বলছে, কেবল সম্পূর্ণ প্লাস্টিকমুক্ত কাগজ, কাগজের বোর্ড বা প্রাকৃতিক উৎস থেকে তৈরি উপাদানেই পান মশলা প্যাক করা যাবে। পলিথিন, পিভিসি বা কৃত্রিম পলিমারের ব্যবহার নিষিদ্ধ হলেও, পণ্যের মান বজায় রাখতে টিন ও কাচের পাত্র ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। চলতি বছরের এপ্রিল মাসে খসড়া প্রকাশের পর সমস্ত মহলের মতামত বিবেচনা করেই এই চূড়ান্ত নির্দেশিকা জারি করা হলো।
